২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় গৃহবধূকে পুড়িয়ে হত্যা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 04:15 PM

Updated : 24 Aug 2022, 06:10 PM

গাইবান্ধা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার রাতে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের জেলেখা বেগমের (৩৫) গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তার স্বামী সাইদুর রহমান মণ্ডল। দগ্ধ অবস্থায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ঢাকায় নেওয়ার পথে জেলেখার মৃত্যু হয়। ঘটনার পর থেকে সাইদুর পলাতক রয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সাদুল্লাপুর থানার ওসি হাসান ইমাম। তিনি বলেন, জেলা মহিলা পরিষদের উদ্যোগ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলেখা বেগমকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। রাত ৮টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় পৌঁছার পর তিনি মারা যান। ওসি জানান, এ ঘটনায় মামলা হবে। প্রস্তুতি চলছে। জুলেখার মেয়ে স্বপ্না বেগম (১৮) বলেন, গত বছরের নভেম্বর মাসে তার বাবা সাইদুর রহমান দ্বিতীয় বিয়ে করেন। বুধবার রাত ৮টার দিকে দ্বিতীয় স্ত্রী রুনু বেগমের ঘরে লাগানোর জন্য সাইদুর তার মার ঘরের একটি বৈদ্যুতিক বাল্ব খুলে নিতে যান। এতে বাধা দেন তার মা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বাবা তার মাকে মারধর করেন। এক পর্যায়ে দ্বিতীয় স্ত্রীর সহযোগিতায় তিনি মার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। স্বপ্না জানান, আগুনে তার মার দুহাত, পা, পিঠসহ শরীরের বেশিরভাগ অংশ ঝলসে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তার বাবা দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০০ ঘ.