২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র-শ্রমিক সংঘর্ষ-অবরোধ, আহত ৫০

গোপালগঞ্জে ছাত্র ও মোটর শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 03:43 PM

Updated : 24 Aug 2022, 06:10 PM

গোপালগঞ্জ, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জে ছাত্র ও মোটর শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিক্ষুব্ধ ছাত্ররা বাস-ট্রাকসহ ১৫টি যানবাহন ভাংচুর করে। ছাত্র ও শ্রমিকদের পাল্টাপাল্টি অবরোধে ঢাকা-খুলনা মহাসড়কের অন্তত ১৫ কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় যানজট। রাত ৮টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহারের পর দূরপাল্লার গাড়ি চলাচল শুরু হয়। তবে অভ্যন্তরীণ বিভিন্ন রুটের বাস বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। আহত বঙ্গবন্ধু কলেজ ছাত্রসংসদের সহসভাপতি (ভিপি) ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম হীরা, কলেজ ছাত্র ওয়ালিদ, রাহুল বৈরাগী, জহিরুল ইসলাম লিপটন ও রফিককে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পুলিশ হোসেন শেখ (২১) ও হানিফ শেখ (২০) নামে দুই শ্রমিককে আটক করেছে। ভিপি নজরুল ও কলেজ ছাত্র রফিক সাংবাদিকদের জানান, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষা সফরের একটি বাস বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গোপালগঞ্জে ফিরে শহরের পুলিশ লাইন মোড়ে এসে পৌঁছায়। এ সময় হাসিনা খানম রোজি নামে একজন শিক্ষার্থী জানতে পারেন তাদের সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তার মাসহ তিন আত্মীয় আহত হয়েছেন। ভিপি নজরুল জানান, ওই শিক্ষার্থীর আহত আত্মীয়দের বাড়ি থেকে মাইক্রোবাসে করে পুলিশ লাইন মোড়ে আনা হয়। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ছাত্র নেতা সোহেল সিকদার মাইক্রোতে উঠতে গেলে শ্রমিকরা তাকে যাত্রী মনে করে বাধা দেয়। এ সময় কলেজের শিক্ষক আমিনুল করিম গাড়ি থেকে নেমে এসে সোহেলকে মাইক্রোতে উঠতে দিতে শ্রমিকদের অনুরোধ করেন। এক পর্যায়ে শ্রমিকরা ওই শিক্ষককে লাঞ্ছিত করেন। এ নিয়ে ছাত্রদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্রমিকদের হামলা চালায়। এতে তিনিসহ ২০ শিক্ষার্থী আহত হন বলে নজরুল জানান। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. হায়দার আলী খান জানান, এ ঘটনায় পুলিশ দুই শ্রমিককে আটক করে। কিন্তু হামলার খবর পেয়ে সকাল ৯টার দিকে কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম ও বঙ্গবন্ধু কলেজের সামনের সড়কে অবরোধ সৃষ্টি করে। অপরদিকে শ্রমিক আটকের প্রতিবাদ এবং তাদের মুক্তির দাবিতে মোটর শ্রমিকরা সকাল ১০টায় ফকিরকান্দি ও পুলিশ লাইন মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সাড়ে ১০টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা সাময়িকভাবে অবরোধ তুলে নেয়। তবে বিক্ষুব্ধ ছাত্ররা বেদগ্রাম মোড়ে যানবাহন ভাংচুর করলে দুপক্ষের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয় বলে পুলিশ কর্মকর্তা জানান। তিনি জানান, দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। এছাড়া ভাংচুরের সময় বাসযাত্রী বাগেরহাটের মোড়েলগঞ্জের মিতু (৫), আঁখি (১৭), রুস্তম আলী (৮৫), তোতা মিয়া (৫৫), শ্রমিক নেতা হুমায়ূন মোল্লা (৩৫), জব্বার শেখসহ (৩০) কয়েকজন আহত হন। পুলিশ কর্মকর্তা হায়দার আলী জানান, সংঘর্ষের পর মোটর শ্রমিকরা সড়ক অবরোধ করলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ডুমদিয়া থেকে ঘোনাপাড়ার মোড় পর্যন্ত এলাকা জুড়ে অসংখ্য দূরপাল্লার যানবাহন আটকা পড়ে। তিনি জানান, রাত ৮টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম শহিদ জানান, রাত ৯টার দিকে দুপক্ষকে নিয়ে পুলিশ প্রশাসন বৈঠকে বসেছে। বিষয়টি মীমাংসা হয়ে যাবে বলে তিনি আশা করেন। তিনি জানান, সংঘর্ষ ভাংচুরের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আটক দুই মোটর শ্রমিককে রাতে ছেড়ে দেওয়া হতে পারে। গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বুলবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক শ্রমিকদের ছেড়ে না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩২ ঘ.