বরিশাল, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শহরে মঙ্গলবার রাতে বাসচাপায় এক প্রকৌশলী নিহত এবং একজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ সহকারী প্রকৌশলী গোলাম ফারুক। আহত ব্যক্তি হলেন কাবুল হোসেন।
রাত সাড়ে ৮টার দিকে শহরের সাগরদী চান্দু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার হায়াতুল ইসলাম খান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফারুক মোটর সাইকেলে করে রাতে বাসায় ফিরছিলেন। চান্দু মার্কেটের কাছে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মেঘনা পরিবহনের একটি বাস দুটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফারুক নিহত এবং অপর মোটর সাইকেলের আরোহী কাবুল আহত হন।"
কাবুলকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে রাতেই কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে। বাসটিও আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫২৫ ঘ.
bdnews24