২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় এখনো বই পায়নি ৭০ হাজার শিক্ষার্থী

চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর হাতে এখনও পাঠ্যবই পৌঁছেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 05:54 PM

Updated : 24 Aug 2022, 06:08 PM

সাতক্ষীরা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর হাতে এখনও পাঠ্যবই পৌঁছেনি। এতে অভিভাবকরা পড়েছেন দুশ্চিন্তায়। যদিও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ একাধিকবার বলেছেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে ১ জানুয়ারির মধ্যে পাঠ্যবই পৌঁছানো হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় জানায়, জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬২২। বেসরকারি বিদ্যালয় (রেজিস্টর্ড) রয়েছে ৩৭৬ টি। কমিউনিটি স্কুল আছে ১৪২ টি। এ ছাড়া কিন্ডারগার্টেন রয়েছে অর্ধশতাধিক। এ বছর এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের বইয়ের চাহিদা রয়েছে নয় লাখ ১৬ হাজার ৭১৩ টি। মঙ্গলবার পর্যন্ত সরকারিভাবে জেলায় বই সরবরাহ করা হয়েছে আট লাখ ৪৫ হাজার ২১৬ টি। সাতক্ষীরায় সরবরাহ কম থাকায় সব শিক্ষার্থীর হাতে বই পৌছানো সম্ভব হয়নি বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিগগিরই জেলার সকল শিক্ষার্থী তাদের পাঠ্য বই হাতে পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/২৩৩৫ ঘ.