ভোলা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি গত পাঁচদিন থেকে বন্ধ রয়েছে।
কর্তৃপক্ষ (জেবিবি লিমিটেড) ব্যবস্থাপনার কারণ দেখালেও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ক্রটির কারণে এটি বন্ধ রয়েছে বলে জানায়।
এদিকে জেবিবি লিমিটেড উৎপাদন বন্ধ থাকার বিষয়টি তাদের জানায়নি বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) অভিযোগ করেছে।
ভোলা পিডিবি'র আবাসিক প্রকৌশলী কায়সার আলী হাওলাদার বলেন, বিদ্যুৎ কেন্দ্রটি গত শুক্রবার দুপুর ৩টায় বন্ধ হয়ে যায়।
পিডিবি'র উপসহকারী প্রকৌশলী দুলাল চন্দ্র ঘোষ বলেন, বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করার বিষয়ে তাদের আগে জানানো হয়নি। ফলে এই পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ করতে তাদের বিপাকে পড়তে হচ্ছে।
তিনি বলেন, স্থানীয় জেনারেটর দিয়ে উৎপাদন করা হচ্ছে তিন মেগাওয়াট। জাতীয় গ্রিড থেকে পাওয়া যায় আরো চার মেগাওয়াট। এই সাত মেগাওয়াট দিয়ে শহরাঞ্চলের চারটি ফিডারে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
এ কারণে লোড ব্যবস্থাপনার মাধ্যমে শহরাঞ্চলে কোনোরকমে বিদ্যুৎ সরবরাহ করা হলেও গ্রামাঞ্চল থাকছে অন্ধকারে।
এদিকে সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক হাফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুৎ কেন্দ্রটিতে কোনো যান্ত্রিক সমস্যা নেই। শুধু রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কিছু কাজের জন্য এটি বন্ধ রাখা হয়েছে। কয়েকদিন পর চালু হবে।
তিনি দাবি করেন, এটি বন্ধ করার কথা আগেই চিঠি দিয়ে পিডিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
২০০৯ সালের ১৫ মে এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়। গত ছয় মাসে এখান থেকে প্রতিদিন গড়ে ২২/২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24