জামালপুর, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুর শহরের শান্তিবাগ এলাকার একটি বাসা থেকে মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ গাইড ও নোট বই উদ্ধার করা হয়েছে।
জেলা প্রশাসনের টাস্কফোর্সের একটি দল একটি বইয়ের দোকান মালিকের বাসায় অভিযান চালিয়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর বিভিন্ন বিষয়ের এসব নোট ও গাইড বই উদ্ধার করে।
নিষিদ্ধ গাইড ও নোট বই বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয় পাক লাইব্রেরি নামের বইয়ের দোকানটির মালিক মাসুদ ভূঁইয়াকে (৩০)।
জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), র্যাব ও পুলিশ সদস্যদের নিয়ে গঠিত টাস্কফোর্সের একটি দল এই অভিযান চালায়।
তিনি জানান, উদ্ধার করা নোট ও গাইড বইগুলোর বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬০৫ ঘ.
bdnews24