ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশিকার কর্তৃত্ব নিয়ে মিরপুরে বেসরকারি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা রাত পর্যন্ত দুই পক্ষের কর্মীরাই ভবনটির দুই পাশে অবস্থান নিয়ে বসেছিলেন। তবে ভবনের মূল ফটকের সামনে অবস্থানকারী পুলিশ কাউকে কাছে ঘেঁষতে দেয়নি।
সমস্যাটির সুরাহার জন্যে সরকারের উচ্চপর্যায় থেকে স্থানীয় সাংসদকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে রাত সাতটা পর্যন্ত এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।
অন্য পক্ষের বাধায় এতদিন ঢুকতে না পারলেও প্রশিকার চেয়ারম্যান দাবীদার কাজী ফারুক আহমেদের সমর্থকরা সোমবার রাতে প্রধান কার্যালয়ে ঢুকে পড়েন।
কাজী ফারুক লোকজন নিয়ে 'সন্ত্রাসী কায়দায়' প্রশিকা দখল করেছেন বলে অভিযোগ করেছে তার প্রতিপক্ষ। এ পক্ষ মঙ্গলবার সকাল থেকে ভবনের সামনে মিছিল করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ব্যাপক সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। কাজী ফারুকের সমর্থকরা এখন ভবনের ভেতরে রয়েছেন। বাইরে প্রশিকার বর্তমান পরিচালনা পর্ষদের সমর্থকরা।
স্বজনপ্রীতি ও দুর্নীতিসহ ১৯টি অভিযোগ এনে গত বছরের মাঝামাঝি প্রশিকার কর্মচারীরা কাজী ফারুকের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এরপর পরিচালনা পর্ষদের এক বৈঠকে তাকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। গঠিত হয় নতুন পরিচালনা পর্যদ।
এর বিরুদ্ধে পরে হাইকোর্টে মামলা করেন কাজী ফারুক। বিষয়টি পুরোপুরি সুরাহা না হলেও কাজী ফারুককে প্রধান কার্যালয়ে ঢুকতে বাধা না দিতে আদালত আদেশ দেয়।
দু'দফা ব্যর্থ হওয়ার পর কাজী ফারুকের সমর্থকরা সোমবার গভীর রাতে প্রশিকা ভবনে ঢুকে পড়ে।
বর্তমান পরিচালনা পর্ষদের কেন্দ্রীয় সমন্বয়কারী মিজানুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যেই তিনি অন্যায়ভাবে কার্যালয় দখল করেছেন।"
মঙ্গলবার বিকালে পল্লবী থানার ওসি ইকবাল হোসেন প্রশিকা ভবনের ভেতরে ঢুকে আটকে পড়া কর্মীদের বের করে আনেন।
প্রশিকার মুখ্য কর্মসূচী সমন্ময়কারী আলী আহমেদ টুটুল এসময় বলেন, "পুলিশ ভবনের ভেতরে ঢুকে আমাদের লোকজনকে বের করে দিয়েছে। তবে এখনো সন্ত্রাসীরা ভেতরে অবস্থান করছে।"
টুটুল বলেন, সরকারের উচ্চপর্যায় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থানীয় সাংসদকে বিষয়টির সুরাহা করার দায়িত্ব দেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে এখনো কোন সিদ্ধান্ত পাওয়া যায়নি।
কাজী ফারুকেরও একদল সমর্থক বাইরে আছে। তারাও মিছিল করছে।
তাদের একজন, হিউমান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার ট্রাস্টের সিইও বলে পরিচয় দেওয়া শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা প্রশিকার বৈধ পরিচালনাকারী। অন্যরা অন্যায়ভাবে কার্যালয়টি দখল করে রেখেছিলো। গতরাতে আমরা এর নিয়ন্ত্রণ নিয়েছি।"
মিরপুর অঞ্চলের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. ইলিয়াস শরীফ বলেন, "প্রশিকা ভবনে কয়েকজন সন্ত্রাসী ঢুকেছে- এমন খবর পেয়ে গতকাল রাতে আমরা এখানে এসে দেখি তারা সন্ত্রাসী নয়, কাজী ফারুকের লোকজন। তারা ভেতরে ঢুকে মূল ফটক আটকে দেয়। ওপর মহলের নির্দেশ না থাকায় আমরা ভেতরে ঢুকিনি।"
প্রশিকা ভবনের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য কাজী ফারুক এর আগে আরো দুইবার চেষ্টা চালান। প্রথমবার গত বছরের ১ আগস্ট দুইপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দ্বিতীয় দফার চেষ্টা হয় গত শনিবার।
এ প্রসঙ্গে মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক বলেন, "প্রশিকার ঘটনার ব্যাপারে আমরা নিরপেক্ষ অবস্থানে রয়েছি। সেখানে যাতে কোনরকম বিশৃঙ্খলা বা আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে, পুলিশ শুধুমাত্র সেই বিষয়টিই দেখবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এফএফ/এমআই/এসকে/১৯২৫ঘ.
bdnews24