গাজীপুর, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - র্যাব সদস্যদের সঙ্গে গোলাগুলির পর গাজীপুর সদরের সাতাইশ চৌরাস্তা এলাকা থেকে রোববার রাতে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন- আলমগীর ওরফে কসাই আলমগীর (২৮)।
পুলিশ জানায়, আলমগীরের বিরুদ্ধে টঙ্গী ও রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
সাদা পোশাকে টহল র্যাব-১ এর একটি দলের গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে আলমগীরসহ ৮-৯ জন যুবক। র্যাব সদস্য বুঝতে পেরে তারা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব পাল্টা গুলি চালালে আলমগীরের পায়ে গুলি লাগে।
তাকে প্রথমে টঙ্গী হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসা শেষে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আলমগীরকে টঙ্গী থানায় সোপর্দ করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান টঙ্গী থানার উপ পরিদর্শক (এসআই) মালেকা বানু।
তিনি জানান, আলমগীরের কাছ থেকে একটি স্যুটারগান, ২টি ধারালো ফলা এবং ২টি ছোরা উদ্ধার করেছে র্যাব। এ ব্যাপারে র্যাব-১'র ডিএডি মো. মিজানুর রহমান বাদি হয়ে টঙ্গী থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭২৫ ঘ.
bdnews24