দিল্লী, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্থিতিশীল দক্ষিণ এশিয়া গড়তে বাংলাদেশের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সোমবার সকালে ভারত সফরের দ্বিতীয় দিনে সেদেশের রাষ্ট্রপতি ভবনে এক সম্বর্ধনা শেষে সাংবাদিকদের শেখ হাসিনা একথা বলেন।
স্থানীয় সময় সকাল ১০ টায় রাষ্ট্রপতি ভবনে এসে পৌঁছালে প্রধানমন্ত্রী মনমোহন সিং হাসিনাকে স্বাগত জানান। শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। এসময় দুই প্রধানমন্ত্রী নিজ নিজ সহকর্মীদের সঙ্গে একে অপরের পরিচয় করিয়ে দেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য সজ্জিত মঞ্চে উঠলে দুই দেশের জাতীয় সঙ্গীত বেজে ওঠে। তিন বহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়।
সর্ম্বধনা শেষে মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট রওয়ানা দেওয়ার আগে হাসিনা সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের জনগনের বন্ধুত্বের বার্তা নিয়ে এসেছি। স্থিতিশীল ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়তে বাংলাদেশের ভূমিকা অব্যাহত থাকবে। দুদেশের মধ্যে বন্ধুত্ব আরো জোরদার হবে।"
দারিদ্র্যকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্র হিসাবে আখ্যায়িত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, "আমরা দারিদ্র্য মুক্ত দক্ষিণ এশিয়া গড়তে চাই। আমরা স্থিতিশীল দক্ষিণ এশিয়া চাই। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই।"
শেখ হাসিনা আরো বলেন, "ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো ফলপ্রসূ করতে চাই।"
এসময় তিনি মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকার কথা স্মরণ করেন।
এরপর মহাত্মা গান্ধীর সমাধিতে তিনি শ্রন্ধা নিবেদন করেন এবং কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।
শ্রদ্ধা নিবেদনের পর শেখ হাসিনা দর্শণার্থী বইয়ে স্বাক্ষর করেন।
বইয়ে তিনি লিখেন, "মহাত্মা গান্ধী এবং তার অহিংস ও শান্তির বাণী বিশ্বের শান্তিকামী সব মানুষের অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করে যাচ্ছে। বিশ্ব যখন শান্তি ও মানব নিরাপত্তাসহ বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করছে তখন আমরা গান্ধীর এই অমৃত বাণীর শরণাপন্ন হই। আমি এই মহাত্মার এবং প্রকৃত বিশ্ব নাগরিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।"
এর আগে সকালে মোটর শোভাযাত্রাসহ শেখ হাসিনা হোটেল থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে রওনা হন। শেখ হাসিনার আগমন উপলক্ষে দিল্লীর গুরুত্বপূর্ণ সড়কগুলো বিভিন্ন রঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে।
গাড়িবহর রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে অশ্বারোহী বাহিনীর একটি দল বাংলাদেশের শেখ হাসিনার গাড়িকে এসকর্ট করে নিয়ে আসে।
সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জী, পররাষ্ট্র মন্ত্রী এস এম কৃষ্ণা, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদমরবমসহ ভারতের মন্ত্রিসভার সদস্য, পররাষ্ট্র সচিব নিরুপমা রাও, দিল্লীর গর্ভণর রাজ পাল এবং উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মণি, পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ড. মসিউর রহমান, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক, তার স্ত্রী পেপ্পি সিদ্দিক, শেখ রেহানার মেয়ে আজমীনা সিদ্দিক এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে রোববার ভারত আসেন শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/এফএফ/জিএনএ/১২৫৭ ঘ.
bdnews24