বাগেরহাট, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের এক বনদস্যুর দুই চোখ তুলে নিয়েছে বাগেরহাটের গ্রামবাসী।
সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামে রোববার সকালে এই ঘটনা ঘটে।
একই সময় তার হাতে আটক সঞ্জয় হালদার নামের এক দর্জিকে উদ্ধার করে এলাকাবাসী।
গুরুতর আহত অবস্থায় তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আলী জমাদ্দার (৩০) নামের ওই বনদস্যু আলী বাহিনীর প্রধান হিসেবে পরিচিত। তিনি শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের শাজাহান জমাদ্দারের ছেলে।
শরণখোলা থানার ওসি নিজাম উদ্দিন ও সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক বিপুল চন্দ্র দাস জানান, সকালে এলাকাবসীর হাতে বনদস্যু আলী জমাদ্দার আটক হওয়ার খবর পেয়ে পুলিশ ও বনরক্ষীদের একটি দল খুড়িয়াখালী গ্রামে যায়।
কিন্তু তারা পৌঁছানোর আগেই গ্রামবাসী তার দুই চোখ তুলে নেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, আলী জমাদ্দার প্রায় ছয় মাস ধরে নিজ নামে বাহিনী গঠন করে বন বিভাগের শরণখোলা রেঞ্জ এলাকায় জেলে নৌকায় ডাকাতি এবং জেলে ও বাওয়ালীদের আটক করে মুক্তিপণ আদায় করে আসছিল।
তার বিরুদ্ধে শরণখোলা থানায় দস্যুতা, চাঁদাবাজি ও মুক্তিপণ আদায়ের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৬ ঘ.
bdnews24