২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনার দুর্গাপুরে ১৪৪ ধারা জারি

একই সময়ে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি সভা ডাকায় নেত্রকোনার দুর্গাপুরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 01:19 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

নেত্রকোনা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময়ে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি সভা ডাকায় নেত্রকোনার দুর্গাপুরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার রাতে দুর্গাপুর উপজেলার সদরে ১৪৪ ধারা জারি করে মাইকিং করা হয়। এতে বলা হয়, রাত ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর খাইরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় নতুন পৌর ভবন প্রাঙ্গণে শনিবার বিকাল ৩টায় উপজেলা ও পৌর বিএনপি সম্মেলন আহ্বান করে। একই স্থানে একই সময়ে আওয়ামী লীগও সভা ডাকে এবং মিছিল করে। এ নিয়ে দু'দলের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ১৪৪ ধারা জারি করা হয়। ১৪৪ ধারা জারির কারণে বিএনপির সম্মেলন হয়নি। শনিবার বিকালে নেত্রকোনা প্রেসক্লাবে বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, দলটির সম্মেলন পণ্ড করার জন্যই আওয়ামী লীগ একই স্থানে একই সময়ে সভা ডাকে। তারা এ ঘটনার নিন্দা জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কায়সার কামাল। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় বিএনপি নেতা আশরাফ উদ্দিন খান, এম এ জিন্নাহ, সাইদুর রহমান, খালিদ সাইফুল্লাহ মুন্না প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১৪ ঘ.