ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের সদর উপজেলা, বাগেরহাটের রামপাল ও নরসিংদী সদর উপজেলায় শুক্রবার দিবাগত রাতে চারটি ডাকাতির ঘটনা ঘটেছে।
নরসিংদীতে ডাকাতির সময় গৃহকর্তার বন্দুকের গুলিতে নিহত হয়েছে এক ডাকাত। ডাকাতদের হামলায় আহত হয়েছেন গৃহকর্তাসহ তিনজন। এর মধ্যে দুজনকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
নরসিংদী: সদর উপজেলার নুরালাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বাড়িতে হানা দিয়ে ডাকাতরা ৩০ ভরি স্বর্ণালঙ্কার, দুই হাজার মার্কিন ডলার ও একটি লাইসেন্স করা বন্দুক নিয়ে গেছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জাহিদ হাসান সাংবাদিকদের জানান, শুক্রবার দিবাগাত রাত ১টার দিকে ৩০-৪০ জন মুখোশধারী ডাকাত চেয়ারম্যান ছাদেকুর রহমানের বাড়িতে হানা দেয়। এ সময় ছাদেকুর তার বন্দুক দিয়ে গুলি করলে এক ডাকাত মারা যান।
পরে ডাকাতরা বন্দুক কেড়ে নিয়ে চেয়ারম্যান, স্ত্রী রুমা ও ছোট ভাই এমরানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
ছাদেকুর ও এমরানকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদপুর: সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দি গ্রামের একটি বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দল বাড়ির চার পরিবারের প্রায় একশ' ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, রাত দেড়টার দিকে মুখোশ পরিহিত ২০/২৫ জনের একদল ডাকাত হামানকর্দি গ্রামের ওই বাড়িতে হানা দেয়।
ওই বাড়িতে মকবুল হোসেন তফাদার, মো. জাকির হোসেন তফাদার, বেলায়েত হোসেন তফাদার ও নাসির হোসেন তফাদার নামের চার ভাই থাকেন।
এসআই জানান, ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে লুটপাট চালায়।
এ ঘটনায় কেউ আটক হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির জানান।
বাগেরহাট: রামপাল উপজেলার খুলনা-মংলা মহাসড়কের বাবুরবাড়ি এলাকার ভেকটমারী গ্রাম ও বেলাই সেতুর কাছের দুটি বাড়িতে ডাকাতি হয়।
এ ঘটনায় পুলিশ শনিবার ভোরে জিজ্ঞাসাবাদের জন্য নূরুজ্জামান ওরফে টিটো (৩৪) নামে এক যুবককে আটক করেছে।
রামপাল থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল আনোয়ার সাংবাদিকদের জানান, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল পিকআপভ্যানে করে এসে খুলনা-মংলা মহাসড়কের পাশে তারিকুল ইসলামের বাড়িতে ঢোকে। তারা আগ্নেয়াস্ত্রের মুখে ঘরের লোকজনকে জিম্মি করে তিনটি মোবাইল সেট, নগদ বিশ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
বেলাই সেতুর কাছে শেখ জুলহাসের বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে একটি মোবাইল সেট, নগদ ১৫শ' টাকা, একটি গরু ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
দুটি ঘটনাই একটি সংঘবদ্ধ ডাকাত দলের কাজ বলে পুলিশ ধারণা করছে।
ডাকাতির ঘটনায় শনিবার সকালে তারিকুল ইসলাম বাদী হয়ে রামপাল থানায় অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রাম থেকে জিজ্ঞাসাবাদের জন্য নূরুজ্জামানকে (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা ইকবাল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৩৫ ঘ.
bdnews24