ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সমর্থক শ্রমিক নেতা কারাবন্দি বি এম বাকির হোসেন বৃহস্পতিবার মারা গেছেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মস্তিস্কের রক্তক্ষরণে দুপুরে তার মৃত্যু হয়।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি বাকির ২০০৭ সালের ৯ জুলাই গ্রেপ্তার হন।
কারা হেফাজতে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কারা উপ মহাপরিদর্শক গোলাম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
কারা কর্মকর্তারা জানান, গত ২২ ডিসেম্বর বাকিরের ব্রেন স্ট্রোক হয়। সরকারি বিভিন্ন হাসপাতালে আইসিইউতে স্থান সঙ্কুলান না হওয়ায় তাকে বেসরকারি মিলেনিয়াম হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনিত ঘটলে ২৫ ডিসেম্বর তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।
সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০০৮ সালের মে মাসে আদালত বাকির হোসেনকে ১৩ বছরের কারাদণ্ড দেয়।
একই মামলায় তিন বছর সাজা হয় তার স্ত্রী নাজমা হোসেনেরও।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সন্দেহভাজন দুর্নীতিবাজদের যে তালিকা করেছিলো, তাতে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাকিরের নামও ুছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৬১০ ঘ.
bdnews24