সাতক্ষীরা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাকে মারধর করার অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে।
চেয়ারম্যান শফিউল আজম লেলিনের বিরুদ্ধে মামলাটি করেন উপজেলা পাউবো'র উপ-সহকারী প্রকৌশলী খলিলুর রহমান।
গত সোমবার মামলার বাদী সাতক্ষীরা পুলিশ সুপারিনটেনডেন্ট কার্যালয়ে একটি অভিযোগ দাখিল করেন। মঙ্গলবার অভিযোগটি শ্যামনগর থানায় পৌঁছায়। বুধবার তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।
নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৮০/৯০ জনকে মামলায় আসামি করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি ফজলুর রহমান মামলার বরাত দিয়ে বলেন, পাউবো কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদাররা গত ৩ জানুয়ারি (রোববার) সকালে গাবুরা ইউনিয়নে আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের কাজ দেখতে যান। এ সময় ঠিকাদার শাহিনুল ইসলাম শাহিন তার কাজ বন্ধ রাখার নির্দেশ দেন সাব-কন্ট্রাকটর শফিউল আযম লেলিনের সাইট ম্যানেজার আব্দুল মান্নানকে।
এ খবর শুনে লেলিন দুপুরে বাদী খলিলুর রহমানকে মোবাইল ফোনে গালমন্দ করেন।
বিকালে আবার শ্যামনগর পাউবো রেস্ট হাউজে তাকে মারধর করেন। একই সঙ্গে তাকে কক্ষ থেকে বের করে চেয়ারম্যানের সহযোগীরাও মারধর করে।
মামলার কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.
bdnews24