নেত্রকোনা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের প্রতি অবজ্ঞা ও শৈথিল্য দেখানোর অভিযোগে নেত্রকোনার দুর্গাপুর থানার ওসি'র নগদ ২০০ টাকা জরিমানা করেছে আদালত।
জরিমানা অনাদায়ে ওসি আবদুল করিমকে এক মাসের কারাভোগ করতে হবে।
নেত্রকোনার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতের বিচারক আবদুর রহমান বুধবার এ আদেশ দেন।
এ ছাড়া আদালত আবদুল করিমের বিরুদ্ধে আগামী ৩০ দিনের মধ্যে বিভাগীয় মামলা রজ্জু করার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেন।
আদালতের নথি থেকে জানা যায়, আবদুল করিমের কাছে আদালত একটি শোকজ নোটিশ দিলে তিনি অসত্য, ক্রুটিযুক্ত ও অসম্পূর্ণ জবাব দেন। এ ছাড়া তার কার্যকলাপে আদালতের প্রতি চরম অবজ্ঞা ও শৈথিল্য দেখা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪০ ঘ.
bdnews24