২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাড়া পেলেন নার্সিং কলেজের অবরুদ্ধ শিক্ষকরা

হোস্টেলে ক্যান্টিন স্থাপন, প্রথম বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফল প্রদানসহ চারদফা দাবিতে ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীরা বুধবার প্রায় ১২ ঘণ্টা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 11:25 AM

Updated : 24 Aug 2022, 06:04 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হোস্টেলে ক্যান্টিন স্থাপন, প্রথম বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফল প্রদানসহ চারদফা দাবিতে ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীরা বুধবার প্রায় ১২ ঘণ্টা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। দাবি পূরণের আশ্বাস দিলে রাত সোয়া ৮টায় তারা মুক্তি পান। শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- ছেলেদের হোস্টেল স্থাপন ও পরীক্ষার ফি কমানো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত কলেজটির কলেজ অধ্যক্ষ তাহাতুন নাহার জানান, দাবি আদায়ে সকাল সাড়ে ৮টা থেকে শিক্ষার্থীরা অবরোধ শুরু করে। তবে শিক্ষার্থীরা বলেছে, তারা সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষকদের তালা দেয়। অধ্যক্ষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে দাবি পূরণে কলেজের পক্ষে কিছু করার নেই। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কয়েকজন শিক্ষক ছাত্রীদের আশ্বস্ত করে বৃহস্পতিবার আলোচনার প্রস্তাব দিলে তারা সম্মত হয়ে অবরোধ তুলে নেয়। তবে বৃহস্পতিবার আলোচনায় বসা না পর্যন্ত ছাত্রীরা এসব দাবিতে অনশন করবে বলে একজন ছাত্রী প্রতিনিধি জানিয়েছেন। নাম প্রকামে অনিচ্ছুক এক ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৮ সালে নার্সিং ইনস্টিটিউট থেকে কলেজে উন্নীত হওয়ার পর তারা প্রথম ব্যাচ হিসেবে চার বছর মেয়াদি বিএসসি কোর্সে ভর্তি হন। দীর্ঘদিন পর ২০০৯ সালের ২৪ মে তাদের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়ে ২০ জুন শেষ হয়। পরীক্ষার পর প্রায় সাত মাস হতে চললেও প্রথম বর্ষের পরীক্ষার ফল এখনো প্রকাশিত হয়নি। "এরপর আরেকটি ব্যাচ ভর্তি হয়েছে। আরেকটি ব্যাচের ভর্তির ফরম বিতরণ চলছে। অথচ তারা এখনো প্রথম বর্ষের গণ্ডি পেরোতে পারেননি", বলেন তিনি। ওই শিক্ষার্থী জানান, প্রথম ব্যাচে ১০০ জন শিক্ষার্থী ভর্তি হন। এর মধ্যে ৯০ শতাংশ মেয়ে ও ১০ শতাংশ ছেলে। প্রতি ব্যাচেই এই হারেই ভর্তি করা হয়। হোস্টেলে ডাইনিং থাকলেও তাতে খাবারের মান নিু- এ অভিযোগ করে একটি ক্যান্টিন স্থাপনের দাবি দীর্ঘদিন থেকে করে এলেও তাতে কলেজ কর্তৃপক্ষ সাড়া দিচ্ছে না বলে জানান শিক্ষার্থীরা। কলেজটিতে ছেলেদের হোস্টেল নেই। ফলে ছেলেদের আবাসন সঙ্কট রয়েছে বলেও তারা জানান। ওই ছাত্রী জানান, তারা দুই ব্যাচের শিক্ষার্থী একত্রিত হয়ে এ সব দাবিতে কলেছে মিছিল ও সমাবেশ করেছেন। ছাত্রীদের দাবির বিষয়ে অধ্যক্ষ বলেন, "কলেজের একাডেমিক বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। আর প্রশাসনিক বিষয়টি দেখে ডিরেক্টরেট অব নার্সিং ও স্বাস্থ্য মন্ত্রণালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে জানা গেছে যে তাদের টেবুলেশন (নম্বরপত্র) তৈরির কাজ চলছে। বাকি দাবিগুলো ডিরেক্টরেট অব নার্সিং ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/এএল/এমআই/২১৫০ ঘ.