২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজভাঙ্গা: নীতিমালা প্রণয়নে প্রতিবেদন এ মাসেই

জাহাজভাঙ্গা শিল্পের জন্য একটি নীতিমালা প্রণয়নে কারিগরি কমিটি জানুয়ারির মধ্যে প্রতিবেদন পেশ করবে বলে জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 12:29 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

ঢাকা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---জাহাজভাঙ্গা শিল্পের জন্য একটি নীতিমালা প্রণয়নে কারিগরি কমিটি জানুয়ারির মধ্যে প্রতিবেদন পেশ করবে বলে জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। সেইসঙ্গে এ শিল্পের জন্য একটি আলাদা 'জোন' গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের একথা জানান হাছান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২ জানুয়ারি জাহাজভাঙ্গা শিল্পের জন্য একটি নীতিমালা প্রণয়নের ঘোষণা দেওয়ার পরপরই এ সভা অনুষ্ঠিত হল। এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনকালে পরিবেশ প্রতিমন্ত্রী এ শিল্পের জন্য একটি আলাদা 'জোন' প্রতিষ্ঠার চিন্তাভাবনার কথা জানান। বর্তমানে দেশের চাহিদার ৮০ শতাংশ লোহার যোগান আসে এ জাহাজভাঙ্গা শিল্প থেকে। দেশে ৭৯টি শিপ ব্রেকিং ইয়ার্ড রয়েছে। আন্তঃমন্ত্রণালয় সভা শেষে হাছান মাহমুদ বলেন, "গুরুত্বপূর্ণ এ জাহাজভাঙ্গা শিল্পের বিকাশে সরকার সহায়তা করতে চায়। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ শিল্পকে একটি নীতিমালার আওতায় আনার ঘোষণাও দেন। এরই ধারাবাহিকতায় বিধিমালা ও নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।" আগামী তিন সপ্তাহের মধ্যে কারিগরি কমিটি নীতিমালা প্রণয়নে প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী করণীয় ঠিক করা হবে বলেও জানান তিনি। এক্ষেত্রে গত ১৭ মার্চ হাইকোর্টের দেওয়া রায়ের নির্দেশনা অনুসরণ করবে কমিটি। ওই সময় আদালতের আদেশে বলা হয়েছিল, বৈধ ও বাধ্যতামূলক পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র ছাড়া শিপ ইয়ার্ডে জাহাজভাঙার কোনো কাজ করা যাবে না। হাইকোর্ট সংশ্লিষ্ট তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই না করা পর্যন্ত পরিবেশবাদী সংগঠন গ্রিন পিসের তালিকাভুক্ত কোনো জাহাজ ভাঙার জন্য বাংলাদেশে না আনার নির্দেশ দেয়। আইন অনুযায়ী সংশ্লিষ্ট জাহাজের বর্জ্য পরিস্কার এবং এ ধরনের জাহাজ ভাঙার মতো অবকাঠামোগত সুযোগ-সুবিধা আছে কিনা, তাও খতিয়ে দেখার নির্দেশ দেয় হাইকোর্ট। বাংলাদেশের সীমানার বাইরেই ক্ষতিকর বর্জ্য পরিস্কার না করে কোনো জাহাজ যাতে দেশে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতেও সরকারকে নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। এরপর অনুমোদনবিহীন শিপইয়ার্ড পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১৭ মে সরকার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবকে আহ্বায়ক করে ১৭ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। পরিবেশ প্রতিমন্ত্রী জানান, পরিবেশসম্মতভাবে এবং শ্রমিকদের নিরাপত্তা ও বেতন-ভাতাদিসহ প্রয়োজনীয় সুবিধা সংরক্ষণ করে এ নীতিমালা প্রণীত হবে। আন্তঃমন্ত্রণালয় বৈঠক সূত্র জানায়, ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন অনুসরণে 'পরিবেশবান্ধব জাহাজভাঙ্গা ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ বিধিমালা' শীর্ষক নতুন এ নীতিমালা প্রণয়ন করা হবে। জাহাজভাঙ্গা শিল্পের জন্য আলাদা 'জোন' প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কোনো ধরনের ভূমি লিজ না দিতে কারিগরি কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বন বিভাগের জমি যাতে শিপ ব্রেকিং ইয়ার্ড মালিকরা ইজারার নামে বা অবৈধভাবে দখলে না নিতে পারে এবং সৃজিত বন ধ্বংস না হয়- সে বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান হাছান মাহমুদ। সীতাকুণ্ড এলাকার ৭ কিলোমিটার দীর্ঘ উপকূলে এই জাহাজভাঙ্গা শিল্প গড়ে উঠেছে। পরিবেশ অধিদপ্তর গত ডিসেম্বর পর্যন্ত জরিপ চালিয়ে ৭৯টি শিপ ব্রেকিং ইয়ার্ডের অস্তিত্ব পেয়েছে। এরমধ্যে ৬১টি প্রতিষ্ঠানে জাহাজভাঙ্গার কাজ চলছে। ৮টি নতুন ইয়ার্ড হচ্ছে। ৯টি ইয়ার্ডে আপাতত জাহাজভাঙ্গার কাজ বন্ধ আছে এবং একটি ইয়ার্ড সৃষ্টির কাজ প্রাথমিক পর্যায়ে আছে। পরিবেশ প্রতিমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় নৌ পরিবহন মন্ত্রী শাহাজান খান, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, শিল্প মন্ত্রীর পক্ষে মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌ মন্ত্রী জানান, গত ২০ বছরে জাহাজভাঙা শিল্পে কাজ করার সময় প্রায় ৫০০ রোকের প্রাণহানি ঘটে। আহত হয়েছে আরো ছয় হাজার। এ শিল্পর সঙ্গে প্রত্যক্ষভাবে প্রায় ৪ লাখ শ্রমিক ও পরোক্ষভাবে প্রায় ২ লাখ লোক সম্পৃক্ত। এজন্য নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে এ শিল্পকে। বাংলাদেশে এ শিল্পের জন্য যুগোপযোগী কোনো নীতিমালাও নেই। আমরা সব কিছু বিবেচনায় রেখেই কাজ করব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৮২২ ঘ.