বাগেরহাট, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমির মাওলানা আবুল কালাম মো. ইউসুফের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে বাগেরহাটের একটি আদালতে মামলা হয়েছে।
মাওলানা ইউসুফের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রামে। মামলায় জামায়াত নেতা ছাড়াও বিএনপির সাবেক সাংসদসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে।
সোমবার দুপুরে জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের খাদিজা বেগম।
হাকিম আব্দুস সালাম খান অভিযোগটি এজাহার হিসাবে নথিভুক্ত করার জন্য শরণখোলা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার অপর আসামিরা হলেন- মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মিঞা আব্বাস উদ্দিন, শরণখোলা উপজেলার খাদা গ্রামের মতিয়ার রহমান মতি, পশ্চিম খাদার আব্দুল হামিদ ফরাজী, রায়েন্দা বাজারের লতিফ পঞ্চায়েত, আবুল হারেজ খান, লুৎফর রহমান, আব্দুল হক আকন, ওহাব খান, গোলবুনিয়ার দুই সহোদর ইদ্রিস মোল্লা ও হাবিব মোল্লা, একই গ্রামের আবুল কালাম আজাদ, মালিয়া রাজাপুরের তোফাজ্জেল হোসেন, কদমতলার দুই সহোদর সুলতান মৃধা ও নূর উদ্দিন মৃধা, খোন্তাকাটা গ্রামের আমির হোসেন মুন্সী, আব্দুর রব গাজী, আমির হোসেন, ইব্রাহিম, জিলবুনিয়ার সুলতান আহমেদ, আমড়াগাছিয়ার আলতাফ আলী, মঠের পাড়ের হাবিব আকন, রাজৈরের মোতালেব কবিরাজ, কালিয়ার খাল এলাকার মজিদ তালুকদার, বানিয়াখালীর সোলায়মান আকন, পশ্চিম বানিয়াখালীর আব্দুল হামিদ খান, দক্ষিণ খোন্তাকাটার নুহু ফরাজী, আমির আলী মীর, মালিয়ার দেলোয়ার হোসেন, তাফালবাড়ি বাজারের সেকেন্দার হাওলাদার, উত্তর তাফালবাড়ির আব্দুর রউফ হাওলাদার, হামেছ পাহলোয়ান, খুড়িয়াখালীর মোসলেম আকন, বকুলতলার আব্দুল কাদের চৌকিদার, নজির মৃধা ও খুলনা সিটি করপোরেশনের ক্লে রোড এলাকার আবুল বাশার।
এজাহারে বলা হয়, মাওলানা ইউসুফ ও মিঞা আব্বাস উদ্দিনের নেতৃত্বে আসামিরা ১৯৭১ সালে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার নতুন থানা বিল্ডিং এর দোতালায় ক্যাম্প করে মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষকে হত্যা ও লুটপাট করে। ওই বছর ৭ জুন সকালে বাদীর স্বামী ইসমাঈল হোসেন হাওলাদার ও খুড়িয়াখালী গ্রামের আসমত মুন্সীসহ একদল মুক্তিযোদ্ধা রাজাকার ক্যাম্পে হামলা চালালে উভয়পক্ষে তুমূল গুলি বিনিময় হয়।
এক পর্যায়ে মুক্তিবাহিনীর গুলি ফুরিয়ে গেলে ইসমাঈল হোসেন ও আসমত মুন্সী রাজাকারদের হাতে ধরা পড়েন। পরে আসামিরা তাদের পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং জবাই করে লাশ রায়েন্দা খালে ফেলে দেয়। দুই তিনদিন পর ইসমাঈলের লাশ উদ্ধার করা গেলেও আসমতের লাশ পাওয়া যায়নি।
পরদিন বিকালে আসামিরা বাদীর বসতবাড়িতে হামলা চালিয়ে ধান, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
শরণখোলা থানার ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের কোনো মামলা এখনো তার হাতে এসে পৌঁছায়নি। পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বাগেরহাটের মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাওলানা ইউসুফ ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন। এছাড়া তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর রাজাকার বাহিনীর খুলনা অঞ্চলের সংগঠক ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২১ ঘ.
bdnews24