ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতির মধ্য দিয়েই নবম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সোমবার শুরু হচ্ছে।
চিফ হুইপ আব্দুস শহীদ সাংবাদিকদের জানান, 'অভ্যন্তরীণ সমস্যার' কারণে বিএনপি নের্তৃত্বাধীন জোট এ অধিবেশনে যোগ দিচ্ছে না।
অপরদিকে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক রোববার সাংবাদিকদের বলেন, তার দল সংসদ অধিবেশনে যোগ দিতে আগ্রহী। কিন্তু সংসদে অনুকূল পরিবেশ নেই।
সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান উদ্বোধনী দিনে সংসদে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি হিসেবে জিল্লুর রহমানের এটিই সংসদে প্রথম ভাষণ।
গত বছর ৯ম সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে কিশোরগঞ্জের একজন সাংসদ হিসেবে জিল্লুর রহমান সংসদে বসেছিলেন। ওই দিন বিএনপি মনোনীত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ ভাষণ দিয়েছিলেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে বা নতুন বছরের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে সংসদে ভাষণ দিতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২২০৪ ঘ.
bdnews24