২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলক্ষেতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাবি ছাত্রদের সংঘর্ষে আহত ১০

বই কেনাকে কেন্দ্র করে রোববার বিকেলে রাজধানীর নীলক্ষেতে ইসলামীয়া মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 01:34 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বই কেনাকে কেন্দ্র করে রোববার বিকেলে রাজধানীর নীলক্ষেতে ইসলামীয়া মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ছাত্ররা বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে। এসময় দোকান-পাটে লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেছেন দোকান মালিকরা। ছাত্ররা জানান, বিকেল ৫ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ছাত্র তপু, রিফাত, উজ্জ্বল ও পিয়াল বই কিনতে এলে ইসলামীয়া মার্কেটের ব্যাবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ব্যবসায়ীরা তাদের মারধর করে বলে অভিযোগ করছেন ছাত্ররা। মার খেয়ে ছাত্ররা ফিরে আসার পর হলের অন্যান্য ছাত্ররা একযোগে নীলক্ষেতের দিকে যায়। এসময় তারা কিছু দোকান ভাঙচুর করে। ব্যবসায়ীরা ছাত্রদের ঠেকাতে ইট-পাটকেল ছুঁড়লে ছাত্ররাও ইট-পাটকেল ছুঁড়ে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে ছয়জন ছাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। ব্যবসায়ীরা অভিযোগ করছেন, হামলায় তাদেরও অন্তত ৪-৫ জন আহত হয়েছেন। নীলক্ষেতের জেআরজে এন্টারপ্রাইজের মালিক তোফায়েল হোসেন অভিযোগ করেছেন, তার দোকান থেকে তিনটি কম্পিউটার, পাঁচটি প্রিন্টার এবং নগদ ২০/২৫ হাজার নগদ টাকা লুট হয়েছে। একই অভিযোগ করেছেন জুনায়েদ ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি দোকানের মালিক নাজমুল হোসেন খানও। তার দোকান থেকে লক্ষাধিক টাকার কম্পিউটারের খুচরা যন্ত্রাংশ লুট হয়েছে। এসময় ছাত্ররা ৫/৬টি দোকানে ভাঙচুরও চালায়। কিছু দোকান পুলিশ বন্ধ করে দেয়। এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি কামরুল ইসলাম বলেন, "ছাত্রদের সঙ্গে সংঘর্ষের খবর শুনে দ্রুত ঘটনাস্থলে যাই ও পরিস্থিতি শান্ত করি।" এরপর ছাত্ররা এফ রহমান হলের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে বলে জানান আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এইচএ/১৯২৮ ঘ.