গাজীপুর, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন সপ্তাহ পর টঙ্গীতে তুরাগ নদের তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা।
আয়োজক তাবলিগ জামায়াতের মুরব্বীরা (নেতা) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুসলিম উম্মার অন্যতম বৃহত্তম ধর্মীয় সম্মিলন বিশ্ব ইজতেমার প্রস্তুতি পুরোদমে চলছে। ময়দানে খুঁটি পোতার কাজ প্রায় শেষ। এখন চলছে খুঁটিতে পাইপ বাঁধা, সামিয়না টানানো ও মাঠ সমতলকরণসহ আনুষঙ্গিক কাজ।
তিনদিনের এই ইজতেমার প্রস্তুতি দেখতে শুক্রবার ইজতেমা মাঠ পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল।
এ সময় তার সঙ্গে ছিলেন- গাজীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্যা খান, পুলিশ সুপারিনটেনডেন্ট এস এম মাহফুজুল হক নূরুজ্জামান ও সরকারের বিভিন্ন সেবাদানকারী দপ্তরের কর্মকর্তারা।
সাংসদ রাসেল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নতুন করে চারটি গভীর নলকূপ স্থাপন কাজের অগ্রগতি দেখেন।
এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, এবারে অন্য বছরের চেয়ে দ্বিগুণ পরিমান পানি মুসুল্লিদের পানাহার, গোসল ও অজু করার জন্য সরবরাহ করা হবে।
পরে সাংসদ ইজতেমা মাঠের বিদেশি মেহমানদের জন্য নির্মিত ছাউনিতে মুসুল্লিদের সঙ্গে জুমা'র নামাজ আদায় করেন।
আগামী ২২ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। ২৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে।
এবার বিদেশি মুসুল্লিদের জন্য ছাউনির পরিসর গত বছরের চেয়ে কিছুটা বাড়ানো হয়েছে। ২০-২৫ হাজার বিদেশি মুসল্লীর কথা বিবেচনায় এনে আবাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ তাবলিগ জামায়াত ও বিশ্ব ইজতেমার শীর্ষস্থানীয় মুরুব্বি মো. গিয়াস উদ্দিন আহমেদ।
তিনি জানান, প্রতি বছরই মুুসুল্লি বাড়ছে। ইজতেমা মাঠের ১৬০একর জুড়ে সামিয়ানা টানানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামিয়ানার বাইরে খোলা জায়গায় এবারও রান্না-বান্নার স্থান রাখা হয়েছে। তবে পাকা শৌচাগার পর্যাপ্ত না থাকায় ৪-৫ হাজার কাঁচা ও অস্থায়ী শৌচাগার নির্মাণ করা হবে।
মাঠের কিনারা ঘেঁষে ৮টি পাকা ভবনে একসঙ্গে ১৭শ' ৬৮ জন মুসুল্লির ব্যবহারোপযোগী শৌচাগার রয়েছে। তবে সময়ের অভাবে এবার ইজতেমার আগে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ চারটি পাকা শৌচাগার তৈরি করতে পারছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গাজীপুরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুর রহমান জানান, মাঠে দুটি একতলা এবং দুটি দ্বিতল শৌচাগার নির্মাণের বরাদ্দ (প্রায় তিন কোটি ২৬ লাখ) পেলেও প্রশাসনিক অনুমোদন পেতে দেরি হওয়ায় ওই কাজের কার্যাদেশ দেয়া হয়নি। কারণ ইজতেমার আগে কাজ শেষ করা সম্ভব নয়।
শুক্রবার সকাল ১০টার দিকে ইজতেমা মাঠে গিয়ে দেখা গেছে, টঙ্গী ও এর আশ-পাশের এলাকা ছাড়াও বিভিন্ন জেলা থেকে স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র ও মুসুল্লিরা বিনা পারিশ্রমিকে কাজ করছেন।
কেউ মাঠের ময়লা-আবর্জনা পরিস্কার করছেন, কেউ খুটি পুঁতছেন, লোহার পাইপ বাঁধছেন, চট টানাচ্ছেন, কেউবা মাটি ভরাট ও মাঠ সমতল করার কাজে ব্যস্ত রয়েছেন।
গাজীপুর সদরের কুনিয়া পাচরের টেক্স সোয়েটার কারখানার নিটিং অপারেটর হাবিবুর রহমান (২৪) কয়েকজন সহকর্মীকে নিয়ে মাঠে কাজ করতে এসেছেন।
কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা থেকে মো. আমিনুল ইসলামের নেতৃতত্বে দেড়শ' জনের দলে কাজ করতে এসেছেন স্থানীয় এপেক্স স্পিনিং মিলের টেকশিয়ান মো. বাবুল মিয়া (২৫)।
তারা বলেন, ধর্মের কাজ মনে করেই তারা ইজতেমার প্রস্তুতিতে অংশ নিয়েছেন।
১৫ জানুয়ারির মধ্যে ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা করছেন তাবলিগ জামায়াতের অপর মুরুব্বি মো. আব্দুল কুদ্দুস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৪ ঘ.
bdnews24