ফরিদপুর, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনে ফরিদপুরে শুক্রবার পল্লী কবি জসীমউদ্দীনের ১০৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সকালে শহরের গোরিন্দপুর কবির গ্রামের বাড়ির চত্বরে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এর আগে কবির কবরস্থানে ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, ফরিদপুর সাহিত্য পরিষদ, শিল্পকলা একাডেমী, ফরিদপুর ফাউন্ডেশন, আনছার উদ্দিন উচ্চ বিদ্যালয়, জসীম ফাউন্ডেশন পুষ্পমাল্য অর্পণ করে।
জেলা প্রশাসক হেলালদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জয়নুল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল ওয়াহাব ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আনিসুর রহমান, অধ্যাপক এম এ সামাদ, আবুল ফয়েজ শাহনেওয়াজ, আবু সুফিয়ান চৌধুরী প্রমুখ অংশ নেন।
সভা শেষে মিলাদ মাহফিল হয়।
পল্লী মেলা শুরু ৮ জানুয়ারি
ফরিদপুর ফাউন্ডেশনের সদস্য সচিব মফিজ ইমাম মিলন সাংবাদিকদের জানান, প্রতি বছরের মতো এবারও কবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে পল্লী মেলার আয়োজন করা হয়েছে। বিসিক-এর সহযোগিতায় পক্ষকালব্যাপী এ মেলা আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পল্লী কবির ছোট জামাতা তৌফিক-ই-ইলাহী চৌধুরী মেলার উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৯৪৭ ঘ.
bdnews24