২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে প্রতিমা বিসর্জনের সময় সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

রাজধানীর সূত্রাপুরে সোমবার রাতে প্রতিমা বিসর্জনের সময় দুটি পূজামণ্ডপের লোকজনের সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে। নিহত গৌতম সরকার (২৪) ঢাকা মহানগরীর ৭৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 06:39 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে সোমবার রাতে প্রতিমা বিসর্জনের সময় দুটি পূজামণ্ডপের লোকজনের সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে। নিহত গৌতম সরকার (২৪) ঢাকা মহানগরীর ৭৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হয়েছে। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সূত্রাপুরে দুটি পূজামণ্ডপের কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের গোলাগুলি এবং বোমাবাজি করে।" প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ১২টার দিকে ভূষির গলি মণ্ডপের প্রতিমা বিসর্জনের জন্য পাঁচবাড়ি মোড় দিয়ে যাওয়ার সময় পাঁচবাড়ি মণ্ডপের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, সাড়ে ১২টার দিকে লালকুঠির (ফরাশগঞ্জ ক্লাব) সামনে গোলাগুলি হয়। গৌতমের সারা গায়ে গুলি লাগে। পুলিশ কর্মকর্তা তোফাজ্জল জানান, গুলিবিদ্ধ গৌতমকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ওই এলাকায় যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়া হয় বলে জানান ওসি তোফাজ্জল। নিহত গৌতম পুরান ঢাকার শ্যামবাজারে ফলের ব্যবসা করতেন। তার র বাবার নাম ধীরেন্দ্র সরকার। আহতদের পরিচয় পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমআই/১২২০ ঘ.