ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হুমায়ুন কবির নামে একজন কলেজ শিক্ষককে শনিবার বিকেলে অপহরণ করা হয়। অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশ তাকে উদ্ধার করে।
এ ঘটনায় কসবা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অপহরণের শিকার হুমায়ুন কবির কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাজঘর গ্রামের আব্দুল ওহাবের ছেলে। তিনি চট্টগ্রামের হাটহাজারীর ফতেহাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক।
পুলিশ জানায়, শনিবার বিকেলে হুমায়ুন কবির পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ বাজারে যান। মন্দভাগ গ্রামের বাবুল ও দুলুর নেতৃত্বে ১৫/২০জনের একটি সশস্ত্র গ্র"প তাকে অপহরণ করে নিয়ে যায়। তারা হুমায়ুনকে বেদম প্রহার করে জোরপূর্বক দুটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিতে তার বাবাকে ফোন করতে বাধ্য করে।
হুমায়ুনের পরিবার ঘটনাটি কসবার সাংবাদিক ও পুলিশকে জানালে রাত ৮টার দিকে মন্দভাগ বাজারের দক্ষিণে অবস্থিত দুলাল মিয়ার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
বাড়ির পুরুষ ও মহিলারা জিজ্ঞাসাবাদে বলেছেন, তারা কাউকে চিনতে পারেননি।
কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বাবুল ও দুলু নানা অপকর্মে লিপ্ত। তাদের ভয়ে কেউ মুখ খোলতে চায় না।
হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, অপহরণকারীরা তার মোবাইল সেট ও টাকা হাতিয়ে নেয় এবং দুই হাত বেঁধে তাকে হাতুড়ি দিয়ে পেটায়। রাতে কসবা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তাকে চিকিৎসা দেওয়া হয় বলে তিনি জানান।
অভিযোগে বলা হয়, গ্রীসে হুমায়ূন কবিরের ছোট ভাই রুবেলের সঙ্গে বাবুলের মারামারি হয়েছিল। বাবুল দেশে ফিরে বিভিন্ন সময় টেলিফোনে হুমায়ুন ও তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছিলেন।
বাবুল ও দুলু কসবা উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হকের ভাই। এদের বিরুদ্ধে কসবা-আখাউড়া থানায় খুন, চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ৮/৯টি করে মামলা রয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, অপহরণ ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৩ ঘ.
bdnews24