ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরকে মোবাইল ফোনের এসএমএসে হত্যার হুমকিদাতা সাঈদুর রহমান সাজুকে দুই দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
রোববার বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক গিয়াসউদ্দিনের পাঁচ দিনের রিমান্ডের আবেদনে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ আদেশ দেন।
আদালত পুলিশের সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিদর্শক সুভাষ চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার ভোরে দিনাজপুরের বোঁচাগঞ্জের একটি গ্রাম থেকে সাজুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর সাজু হুমকি দেওয়ার কথা স্বীকার করেছে। সে ছাত্র শিবিরের সক্রিয় কর্মী বলেও পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।
রিমান্ড আবেদনে বলা হয়, সাজু জঙ্গি সংগঠনের সদস্য কিনা অথবা তার সঙ্গে কোনও প্রভাবশালী মহল জড়িত আছে কিনা তা জানার জন্য অভিযুক্তকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
রিমান্ড আবেদন শুনানির সময় সাজুর পক্ষে কোন জামিনের আবেদন ছিল না।
গত ২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে জি এম কাদেরের মোবাইল ফোনে ওই হত্যার হুমকি দেওয়া হয়। ওইদিনই মন্ত্রীর একান্ত সচিব একেএম শামীম আক্তার উত্তরা থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসএইচ/১৯২৫ ঘ.
bdnews24