মৌলভীবাজার, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীমঙ্গল উপজেলা সদরের মৌলভীবাজার সড়কে ন্যাশনাল ব্যাংকে ঢোকার সময় রোববার সকালে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও তার দোকান কর্মচারীকে মারধর করে ২৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বত্তরা।
যাওয়ার সময় ছিনতাইকারীরা দোকান কর্মচারী কানন মিয়া তুলে নিয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর তিনি আহত অবস্থায় সিএনজিচালিত অটোরিকশায় করে শ্রীমঙ্গল ফিরে আসেন।
ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কদর আলী শ্রীমঙ্গল পুরান বাজার এলাকার চিনি, তেল, লবণ, ডাল ইত্যাদির পাইকারী ব্যবসায়ী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার আড়ত হাজী শের আলী অ্যান্ড ব্রাদার্স থেকে রিকশায় করে কর্মচারী কাননকে নিয়ে ন্যাশনাল ব্যাংক শ্রীমঙ্গল শাখায় ২৯ লাখ টাকা জমা দিতে যাচ্ছিলেন। সাড়ে ৯টার দিকে রিকশা থেকে নেমে ব্যাংকের সিঁড়িতে উঠার মুহূর্তে পিছন দিক থেকে ২/৩ যুবক এসে তাদেরকে এলোপাতাড়ি মারধর করতে শুরু করে।
ছিনতাইকারীরা টাকাসহ দোকান কর্মচারী কাননকে একটি নোয়াহ ব্র্যান্ডের সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে মৌলভীবাজারের দিকে পালিয়ে যায়। ছিনতাইকারীরা তাকেও অপহরণের চেষ্টা করে বলে কদর আলী দাবি করেন।
তিনি দোকান কর্মচারী কাননের উদ্ধৃতি দিয়ে জনান, মাইক্রোবাসে উঠানো পর ছিনতাইকারীরা তার চোখ ও হাত বেধে গাড়ির সিটের নীচে ফেলে রাখে। এক পর্যায়ে তাকে সিলেট-তামাবিল বাইপাস সড়কে গাড়ি থেকে ফেলে দিয়ে ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়।
ছিনতাইকরীরা সংখ্যায় পাঁচ থেকে ছয়জন ছিল এবং তাদের বয়স ২৫-৩৫ মধ্যে বলেও কানান জানিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী চাল-ডালের আড়ত ইসলাম অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপক রতিশ পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালের দিকে লোক যাতায়াত কম ছিল। হঠাৎ করে সাদা রংঙের গাড়ি এসে ব্যাংক ভবনের সামনে থামে। কিছু বুঝে উঠার আগেই তারা একজনকে গাড়িতে তুলে চলে যায়।
খবর পেয়ে দুপুরে মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরির্দশন করেন।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।"
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি লুৎফুর রহমান জানান, এ ঘটনার পর দুপুরে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতারা জরুরি বৈঠকে বসেন। বৈঠকে অবিলম্বে ছিনতাইকারীদের গ্রেপ্তারের ও টাকা উদ্ধারের দাবি জানানো হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১১ ঘ.
bdnews24