২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গাড়ি চাপায় শ্রমিক নিহত, প্রতিবাদে অবরোধ-ভাঙচুর

সাভারের আশুলিয়া থানাধীন ঘোষবাগ এলাকায় রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হন। এর প্রতিবাদে তার বিক্ষুব্ধ সহকর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় তারা ৫-৭টি গাড়ি ভাঙচুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 11:13 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

সাভার, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের আশুলিয়া থানাধীন ঘোষবাগ এলাকায় রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হন। এর প্রতিবাদে তার বিক্ষুব্ধ সহকর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় তারা ৫-৭টি গাড়ি ভাঙচুর করে। নিহত শ্রমিকের নাম মনোয়ার হোসেন (২৫)। তিনি ঘোষবাগ এলাকার এ কে কেমিকেল নামের একটি কারখানায় কাজ করতেন। পুলিশের হস্তক্ষেপে বিকেল সাড়ে চারটার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান। তিনি জানান, দুপুর ৩টার দিকে মনোয়ার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় গাড়ি চাপায় মারা যান। সহকর্মীরা এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক শ' যানবাহন আটকা পড়ে। এসআই মফিজ জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে প্রথম দফায় ব্যর্থ হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে তারা মনোয়ারের লাশ নিয়ে কারখানায় ফিরে যায়। সড়ক দুর্ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১০ ঘ.