বরিশাল, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
শনিবার রাতে সদর উপজেলার রায়পাশা ইউনিয়নে সাইফুল ইসলাম তুহিন নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
অভিযোগ করা হচ্ছে, তিনি বরিশাল জজ আদালতের কর্মচারী (স্টেনোগ্রাফার) সুলতান আহমেদকে হত্যার চেষ্টা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েন।
সুলতান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোল্লা বাড়ির মসজিদে মাগরিবের নামাজ পড়ে তিনি একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোটর সাইকেল আরোহী তিন যুবক তাকে লক্ষ করে গুলি ছোড়ে।
তিনি বলেন, "গুলি থেকে আমি বেঁচে গেলে হামলাকারীরা কড়াপুরের দিকে পালিয়ে যেতে থাকে। স্থানীয়দের খবর দেওয়া হলে তারা পাশের কড়াপুর ইউনিয়নের বৌসের হাট এলাকায় হামলাকারীদের আটকায়। ওই সময় ইউপি সদস্য হাবিবুর রহমান মিন্টু একজনকে ধরে ফেলেন। তবে অপর দুজন পালিয়ে যায়।"
পরে তুহিনকে মারধর করে পুলিশে তুলে দেওয়া হয়।
বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তুহিন বাকেরগঞ্জের লুৎফর রহমানের ছেলে। তিনি নগরীর পশ্চিম কাউনিয়ার সোবাহান মিয়ার পোল এলাকায় ভাড়া থাকতেন।"
তিনি জানান, তুহিনের কাছে তিন রাউন্ড গুলিভর্তি একটি নাইন এমএম পিস্তল পাওয়া গেছে।
গণপিটুনিতে আহত সাইফুলকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৫ ঘ.
bdnews24