নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যায় ও সমতার প্রতি উদাসীনতা এবং সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য না রেখে ব্যবস্থা না নেওয়ার ফলেই বিশ্বে অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৪-তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই মাতৃভাষা বাংলায় ভাষণ দেন তিনি।
বিশ্ব এক অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে অতিক্রম করছে উল্লেখ করে তিনি বলেন, "গত শতাব্দীর ত্রিশ দশকের পর এ ধরনের পরিস্থিতি এবারই প্রথম। আমি মনে করি, ন্যায় ও সমতার প্রতি উদাসীনতা এবং সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবস্থা না নেওয়ার ফলে এই সঙ্কটের সৃষ্টি হয়েছে। এই সঙ্কটের ফলে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশসমূহ সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে।"
বাংলাদেশকে রপ্তানি ও রেমিট্যান্স কমে যাওয়া, ঋণ খেলাপী বেড়ে যাওয়া, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সঙ্কুচিত হওয়া, বেকারত্ব ও দারিদ্র্য বেড়ে যাওয়ার মতো সঙ্কট মোকাবেলা করতে হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "বিশ্ব আর্থিক এবং অর্থনৈতিক ব্যবস্থার আশু পুনর্গঠন এখন সময়ের দাবি। বিশ্ব ব্যাংক ও আইএমএফ-এর মতো প্রতিষ্ঠানগুলোর জন্য অংশীদারি মূলধনের ভিত্তিতে ভোটদানের ক্ষমতার যে ব্যবস্থা রয়েছে তা পরিবর্তন করতে হবে।"
তিনি বলেন, "আর্থিক প্রণোদনা প্যাকেজ বৈশ্বিক চাহিদাকে সমর্থন যোগাবে এবং ক্ষতি পুষিয়ে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সহযোগিতা করবে। এ ছাড়া উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর ক্ষেত্রে উন্নত দেশগুলোর উদার বাণিজ্যনীতি যেমন শুল্কমুক্ত, কোটামুক্ত বাজার সৃষ্টি এবং বাণিজ্য সক্ষমতা উন্নয়ন তাদের দুর্দশা লাঘবে সহায়ক হবে।"
অর্থনৈতিক মন্দার কারণে স্বল্পোন্নত দেশগুলো অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয়ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে ভীষণ ক্ষতির সম্মুখীন হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "কারণ, রেমিটেন্স তাদের জিডিপির উল্লেখযোগ্য অংশের যোগান দেয়। মাইগ্রেন্ট কর্মীদের নতুনভাবে অন্তর্র্ভুক্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি এবং তাদের দেশে ফেরত পাঠানোয় অনেক দেশেই আর্থ-সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে।
"ক্ষতি পুষিয়ে নেওয়ার উপায়গুলো এমনভাবে সাজাতে হবে যাতে উন্নয়নশীল দেশগুলোর ইমিগ্রেন্ট কর্মীদের কর্মসংস্থানের সুযোগ নষ্ট না হয়।"
লিবিয়ার আফ্রিকা ইউনিয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী আব্দুস সালাম ত্রেকির সভাপতিত্বে শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় এ অধিবেশন শুরু হয়।
শেখ হাসিনার আগে সাত রাষ্ট্রনেতা ভাষণ দেন।
সভাপতিকে ধন্যবাদ জানিয়ে অষ্টম বক্তা হিসেবে ভাষণ শুরু করেন তিনি।
এ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় গত মঙ্গলবার রাতে নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী। সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে এমিরেটস্ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।
আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউকে/এজে/এমআই/এসএইচ/০০৫৫ ঘ.
bdnews24