ঢাকা সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরকে মোবাইল ফোনে এসএমএসে হত্যার হুমকিদাতা মো. সাজেদুর রহমান সাজু'কে (২০) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি'র সহকারী পুলিশ কমিশনার (এসি) ছানোয়ার হোসেন জানান, শনিবার ভোরে দিনাজপুরের বোচাগঞ্জের একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাজু মোবাইল ফোনে বিমান পরিবহন মন্ত্রীকে হুমকি দেওয়ার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।
ছানোয়ার হোসেন আরো জানান, সাজু জানিয়েছে সে ও তার এক বন্ধু বিমান মন্ত্রীকে যৌথভাবে হুমকি দেয়। বিষয়টি নিয়ে পত্র-পত্রিকায় রিপোর্ট হওয়ার পর পুলিশের ভয়ে তারা দু'জনই পালিয়ে নিজ নিজ গ্রামের বাড়িতে আশ্রয় নেয়।
তার ওই বন্ধুকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি জানান, সাজু রংপুরের পীরগঞ্জের একটি সরকারি কলেজ থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করছিল। রংপুরের হোস্টেলে থেকেই সে স্থানীয় ছাত্র শিবিরের সক্রিয় কর্মী হিসাবে কাজ করত। এই হোস্টেলে বসেই তারা হত্যার হুমকি দিয়ে এসএমএস পাঠায়।
সাজু পুলিশকে জানিয়েছে, শিবিরের সিনিয়র নেতাদের নির্দেশে তারা এই এসএমএসটি আরো অনেকেই পাঠিয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে জি এম কাদেরের মোবাইল ফোনে একটি এসএমএস পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।
ওই এসএমএসে বলা হয়, 'সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তবে একজন আপনার জন্য অপেক্ষা করছে। আপনি জানেন, সে কে? সে হলো আজরাইল। সে আসবে এবং আপনার জান কবজ করবে। সুতরাং সাবধান থাকবেন।'
এ ঘটনায় উত্তরা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এইচএ/২৩৪১ ঘ.
bdnews24