শিহাব উদ্দিন কিসলু
নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৪-তম অধিবেশনে ভাষণ শুরু করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই মাতৃভাষা বাংলায় ভাষণ দিচ্ছেন তিনি।
নীল পাড়ের ঘিয়ে শাড়ি পরা প্রধাননন্ত্রী বাংলাদেশ সময় সোয়া ১০ টায় তার বক্তব্য শুরু করেন।
লিবিয়ার আফ্রিকা ইউনিয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী আব্দুস সালাম ত্রেকির সভাপতিত্বে শনিবার নিউ ইর্য়ক সময় সকাল ৯ টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) অধিবেশন শুরু হয়। চলবে স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত।
শেখ হাসিনার আগে বুরুন্ডির সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল এনতিসেজেরানা, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা, নেদারল্যান্ডস এর প্রধানমন্ত্রী জ্যান পিটার ব্যালকেনেন্ডে, কিরগিজস্তানের প্রধানমন্ত্রী ইগর চুদিনভ, তুভালুর প্রধানমন্ত্রী এপিসাই ইলেমিয়া, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী প্যাট্রিক ম্যানিং এবং সামোয়ার প্রধানমন্ত্রী লুপিসোলিয়াই সেইলেলে মেলিয়েলেগাওই ভাষণ দেন।
গত ১০ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৪-তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন আব্দুস সালাম ত্রেকি।
শেখ হাসিনা অধিবেশনে অষ্টম বক্তা হিসেবে ভাষণ শুরু করেন। সভাপতিকে ধন্যবাদ জানিয়ে ভাষণ শুরু করেন তিনি।
এ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় গত মঙ্গলবার রাতে নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী। সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে এমিরেটস্ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।
আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এসএইচ/২২২০
bdnews24