২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেঙ্গল গ্যালারিতে শাহাবুদ্দীনের একক চিত্র প্রদর্শনী রোববার শুরু

রাজধানীর বেঙ্গল গ্যালারিতে রোববার শুরু হচ্ছে প্রখ্যাত চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীন আহমেদের একক চিত্র প্রদর্শনী। দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)এর সৌজন্যে 'জয়বাংলা' শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন ভারতীয় অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 02:24 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বেঙ্গল গ্যালারিতে রোববার শুরু হচ্ছে প্রখ্যাত চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীন আহমেদের একক চিত্র প্রদর্শনী। দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)এর সৌজন্যে 'জয়বাংলা' শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন ভারতীয় অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ কথা জানান। বেঙ্গল গ্যালারির পরিচালক সুবির চৌধুরী জানান, ঢাকায় নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত শার্লি কসরে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ প্রদর্শনীতে শিল্পী শাহাবুদ্দীন তার বেশ কিছু চিত্রকর্ম উপস্থাপন করেছেন যেগুলো শিল্পীর বিরতিহীন পরিশ্রম, দৃঢ়তা, শিল্পের প্রতি তার অটল আস্থা এবং নব শৈল্পিকতার বিকাশে শিল্পীর জীবনব্যাপী অনুসন্ধানের স্বাক্ষর বহন করে। ঢাকার ফাইন আর্টস একাডেমীতে পড়ার সময় শিল্পী শাহাবুদ্দীন তার চিত্রে 'আলঙ্কারিকতা' ও 'বিমূর্ততার' সংমিশ্রণের মাধ্যমে বাংলাদেশের চারুশিল্পে এক ব্যতিক্রমী অধ্যায়ের সূচনা করেন। বিগত তিন দশক ধরে, শিল্পী পৃথিবীর বিভিন্ন দেশে তার চিত্রকর্মের প্রদর্শনী করে আসছেন। মূলত চিত্রকর্মে প্রাচ্য ও পাশ্চাত্যের অভূতপূর্ব সম্পৃক্ততা প্রদর্শনের কারণে শিল্পী শাহাবুদ্দীন ইউরোপের শিল্পরসিকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছেন। এই সৃজনশীলতার শ্রদ্ধাঞ্জলী স্বরূপ ১৯৯২ সালে 'অলিম্পিয়াড অফ আর্টস, বার্সেলোনা' শিল্পীকে '৫০ মাস্টার পেইন্টার অফ কন্টেম্পরারি আর্টস' উপাধিতে ভূষিত করে। এ পর্যন্ত এই উপাধি শাহাবুদ্দীনসহ এশিয়ার ছয় জন শিল্পী লাভ করেছেন। সংবাদ সম্মেলনে শাহাবুদ্দীন বলেন, বাংলাদেশ বেতার প্রাঙ্গণে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতীয় পতাকা উত্তোলনকারীদের মধ্যে আমি ছিলাম একজন- এজন্য এখনো আমি নিজেকে ভাগ্যবান মনেকরি।" নয় বছর পর নিজ দেশে এই গুণী চিত্রশিল্পীর প্রদর্শনী হতে যাচ্ছে। বিরতির কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা উড়ার দৃশ্য দেখে তিনি খুবই মর্মাহত। "এটি ছিল আমার পক্ষ থেকে একটি প্রতিবাদ", বলেন শাহাবুদ্দীন আহমেদ। আরো বেশি বেশি চিত্র প্রদর্শনীর আয়োজনের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, "বাংলাদেশে বেশিরভাগ চিত্রশিল্পী শুরুতে বেশ ভালো করে। তবে আর্থিক ও বিভিন্ন সুযোগের অভাবে পরবর্তিতে তারা আর এগুতে পারে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এইচএ/২০২৩ ঘ.