ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অন্যতম পুরনো দৈনিক ইত্তেফাকে মালিকপক্ষের দুই অংশের মধ্যে শনিবার বিকালে মারামারি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব সদস্যরাও ইত্তেফাক ভবনে যায়। এ নিয়ে দীর্ঘ সময় উত্তেজনা চললেও রাত সাড়ে ৮টার দিকে বার্তা কক্ষে পত্রিকা প্রকাশের কাজ পুরোদমে চলতে দেখা যায়।
সাংবাদিকরা জানান, বিকালে সম্পাদকমণ্ডলীর সদস্য মইনুল হোসেনের সমর্থকরা ভবনে সাংবাদিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে পোস্টার লাগাতে গেলে কার্যনির্বাহী পরিচালক আনোয়ার হোসেন মঞ্জুর সমর্থকরা বাধা দেয়। তাতেই মারামারির সূত্রপাত হয়।
পরে রাত সাড়ে ৮টার দিকে মইনুল হোসেনের কক্ষের সামনে এক ব্যক্তিকে বেদম মারধর করা হয়। মারধরকারীরা নিজেদের শ্রমিক-কর্মচারী পরিচয় দিয়ে সাংবাদিকদের বলে, ওই ব্যক্তি (আহত) সন্ত্রাসী, যাকে মইনুল হোসেন নিয়ে এসেছে।
তবে আহত বজলু নিজেকে ইত্তেফাকের নিরাপত্তা কর্মী বলে দাবি করেন।
ওই সময় মইনুল হোসেনের ছেলে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আরশাদ হোসেনকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখা হয় এবং কক্ষের সামনের ক্লোজ সার্কিট ক্যামেরা ভাংচুর করা হয়। এরপর পুলিশ পাহারায় ভবন থেকে বের হন আরশাদ।
আনোয়ার হোসেন মঞ্জু বিকাল থেকেই অফিসে অবস্থান করছিলেন। তিনি সাংবাদিক ইউনিয়নের নেতাসহ বার্তা কক্ষের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
অপরদিকে বিকালে উত্তেজনার পর মইনুল হোসেন অফিসে আসেন। তবে তিনি আধা ঘণ্টা পরই বেরিয়ে যান।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের দৈনিক ইত্তেফাক ইউনিটের প্রধান আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছু বহিরাগত সাংবাদিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে পোস্টার টাঙাতে গেলে পত্রিকার সাংবাদিক-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তখন তিন বহিরাগতকে আটক করা হয়।"
তিনি জানান, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ব্যারিস্টার মইনুল হোসেন তাকেসহ সাংবাদিক কর্মচারী নেতাদের ডেকে নিয়ে ঈদের আগে তারা দুই কোটি টাকা কোথায় পেয়েছেন তা জানতে চান।
আবুল খায়ের বলেন, "আমরা জানাই, বেতন ও বোনাস হিসাবে এ টাকা হিসাব বিভাগ থেকে পেয়েছি। এরপর মইনুল হোসেন ক্ষিপ্ত হয়ে উঠে বলেন, এ টাকা আনোয়ার হোসেন ঘুষ হিসাবে দিয়েছে। এক পর্যায়ে মইনুল হোসেন উপস্থিত সবাইকে মারতে উদ্ধত হন। পরে তিনি উত্তেজিত হয়ে বের হয়ে যান।"
খায়ের অভিযোগ করেন, মইনুল হোসেন তাদের হত্যার হুমকিও দেন। এর প্রতিবাদে রোববার সাংবাদিক কর্মচারীদের একটি সভা ডাকা হয়েছে।
আবুল খায়ের ইত্তেফাক সাংবাদিক শ্রমিক কর্মচারী স্টিয়ারিং কমিটিরও সভাপতি।
এদিকে বিকালের ঘটনার পর মইনুল ভবনে যাওয়ার পর তার পক্ষে সব বিভাগীয় প্রধান এবং ইউনিট নেতাদের কাছে একটি চিঠি পাঠানো হয়।
চিঠিতে আবুল খায়েরের কর্মকাণ্ডের প্রতি সবাইকে সর্তক থাকার অনুরোধ জানিয়ে বলা হয়, "যে যেখানে লাফালাফি করুক না কেন সবার মনে রাখা দরকার ১/১১ সবার জন্য শেষ হয়নি।"
চিঠিতে খায়েরের অভিযোগ সম্পর্কেও মইনুল তার বক্তব্য তুলে ধরেন।
এতে বলা হয়, বৃহস্পতিবারের বৈঠকে সাংবাদিক কর্মচারীদের উপস্থিতিতে ইউনিট প্রধান আবুল খায়েরকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি আনোয়ার হোসেনের কাছ থেকে কেন দুই কোটি টাকা নিয়েছেন। তার নেতৃত্বে কোম্পানির কোনও রকম কর্তৃত্ব ছাড়া কীভাবে এ টাকা অফিসের বণ্টন করা হয়েছে।
এ বিষয়ে আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "গত তত্ত্বাবধায়ক সরকার আসার পর ইত্তেফাকে কর্মকর্তা-কর্মচারীদের ছয়টি বোনাস কমিয়ে একটি করা হয়েছে। অনেক সাংবাদিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। অনেকের সুযোগ-সুবিধা কমিয়ে দেওয়া হয়েছে।"
তিনি বলেন, "আমি গত ঈদে সাংবাদিক-কর্মচারীদের সাড়ে তিনটি বোনাস দিয়েছি। এ ব্যাপারে কার্যনির্বাহী পরিচালক-১ (মইনুল) চিঠি দিয়ে তার অনাপত্তির কথা জানিয়েছেন।"
মারামারির বিষয়ে তিনি কিছু জানেন না দাবি করে আনোয়ার হোসেন।
ইত্তেফাক পত্রিকার নিয়ন্ত্রণ নিয়ে এর অন্যতম পরিচালক দুই ভাই মইনুল ও মঞ্জুর মধ্যে বিরোধ চলছে দীর্ঘ দিন ধরে।
এর আগে মালিকপক্ষের দু' গ্র"পের প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে ইত্তেফাক ভবনে একাধিক খুনের ঘটনাও ঘটে। সর্বশেষ ২০০৫ সালে নিহত হন এক প্রেস কর্মচারী।
২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করলে মইনুল হোসেন আইন উপদেষ্টা হন। এরপর আনোয়ার হোসেন মঞ্জুর নামে বিভিন্ন মামলা হলে তিনি দেশত্যাগ করেন। একাধিক মামলায় তার সাজা হয়।
মঞ্জু বিদেশে থাকার সময় ২০০৭ সালের ১৭ অক্টোবর মইনুল হোসেনের স্ত্রী সাজু হোসেনকে সাময়িকভাবে প্রকাশক হিসেবে দায়িত্ব গ্রহণের অনুমতি দেয় আদালত। এরপর ভারপ্রাপ্ত সম্পাদক রাহাত খান সম্পাদকের দায়িত্ব নেন।
পরে ইত্তেফাকের অনেক সাংবাদিক-সংবাদকর্মীকে অব্যাহতি দেওয়া হয়। নতুন করে বেশকিছু নিয়োগও দেওয়া হয়।
আনোয়ার হোসেন মঞ্জু দেশে ফিরে চাকরিচ্যুত বেশ কয়েকজনকে পুনর্বহাল করেন। এরপর থেকে দু'পক্ষের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরবি/এসএম/এএল/এমআই/২২০০ ঘ.
bdnews24