২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ডিজিটাল বাংলাদেশের স্বরূপ তুলে ধরবেন শেখ হাসিনা

২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশের যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিউ ইয়র্কে বিনিয়োগকারীদের কাছে তার স্বরূপ তুলে ধরবেন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর রোববার বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত 'বিজনেস সামিট উইথ প্যান এশিয়ান আমেরিকান চেম্বার অফ কমার্স' এ অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 11:51 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

শিহাবউদ্দিন কিসলু নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশের যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিউ ইয়র্কে বিনিয়োগকারীদের কাছে তার স্বরূপ তুলে ধরবেন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর রোববার বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত 'বিজনেস সামিট উইথ প্যান এশিয়ান আমেরিকান চেম্বার অফ কমার্স' এ অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ টেলি যোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চেয়ারম্যান এবং বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন তিনি। ওই কনফারেন্সের ব্যবস্থাপনায় থাকছে 'ইউটিসি অ্যাসোসিয়েটস', যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি ডিজিটাল বাংলাদেশে গড়ার কারিগরি বিষয় নিয়ে কাজ করছে। এ বিষয়ে নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল এম শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রী এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 'সম্ভাবনাময় বাংলাদেশে' বিদেশি বিনিয়োগের বিদ্যমান সুবর্ণ সুযোগের বিষয়গুলোই বিনিয়োগকারীদের জন্য তুলে ধরবেন।" ইউটিসি অ্যাসোসিয়েটস 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার কর্মসূচিতে বাংলাদেশে ব্রডব্যান্ড অবকাঠামো ও ই-গভর্নেন্স, ই-ফাইন্যান্স, ই-হেলথ এবং ই-লার্নিংয়ের বাস্তবায়নযোগ্য পরিকল্পনা বাস্তবায়ন করবে। সম্মেলনে বিদেশি বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্তাব্যক্তিরা থাকবেন বলে কনসাল জেনারেল জানান। তিনি বলেন, "ভিডিও করফারেন্সে বিটিসিএল ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ঢাকা থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। বিদেশি বিনিয়োগ প্রশ্নে বাংলাদেশ যে কোনোক্ষেত্রেই পিছিয়ে নেই এ ভিডিও কনফারেন্স সেটাই প্রমাণ করবে।" ইউটিসি অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আজিজ আহমেদ বলেন, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে ডিজিটাল বাংলাদেশ গড়ার এই পদক্ষেপ অত্যন্ত সময়োচিত উদ্যোগ। ইন্টারনেট প্রটোকল (আইপি), অপটিক্যাল এবং ওয়ারলেস প্রযুক্তিতে বাংলাদেশ এখন আর সীমাবদ্ধতার মধ্যে নেই। তিনি আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির উন্নয়নে সহায়তা করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ঘটাতে চায় ইউটিসি। আজিজ জানান, ইউটিসি অ্যাসেসিয়েটস মাইক্রোসফট, সিমেন্স, ডেল ও ওরাকলের মতো বিখ্যাত প্রতিষ্ঠানেরসঙ্গে কাজ করে। হাসিনার ওই সম্মেলনে মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট অ্যান্টনি সালসিটো, সিমেন্সের ভাইস প্রেসিডেন্ট টিমোটি টেরেসও উপস্থিত থাকবেন বলে আজিজ আহমেদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউকে/কিউএইচ/জিএমএ/এমআই/১৭৪৫ ঘ.