বাংলাদেশ/
বিএন-
গাজীপুর-জমি
গাজীপুর, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন বিভাগের ৮০ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন ইসলাম উদ্দিন স্পিনিং মিলের দখলে থাকা এ জমি উদ্ধার করে।
উদ্ধার করা জমিতে শুক্রবার পর্যন্ত নয়শ' আকাশমনি গাছের চারা লাগিয়ে দিয়েছে বন বিভাগ।
বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার ভান্নারা মৌজায় ইসলাম উদ্দিন স্পিনিং মিল কর্তৃপক্ষ ৩/৪ মাস আগে অবৈধভাবে গজারি গাছ কেটে বন বিভাগের ৮০শতাংশ জমি রাতের আঁধারে দখলে করে নেয়। ওই জমিতে তারা সীমানা প্রাচীরও তোলে।
তিনি জানান, বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি গাজীপুর জেলা প্রশাসনকে জানানো হয়। জেলা প্রশাসনের নির্দেশে কালিয়াকৈর উপজেলা প্রশাসন বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালায়।
উচ্ছেদ অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল কবীর মুরাদ, সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলম, ঢাকা বিভাগীয় বন বিভাগের কর্মকর্তা ফাহিম মাসুদ, কালিয়াকৈরের ডেপুটি রেঞ্জার গোলাম রসুল, সহকারী ভূমি কর্মকর্তা লুৎফর রহমান, মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও মাহমুদুল কবীর মুরাদ জানান, উচ্ছেদের আগে বিধি অনুযায়ী কারখানা কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা সীমানা প্রাচীর অপসারণ করেনি। জমি উদ্ধার করে বন বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৯ ঘ.
bdnews24