২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2009, 02:33 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছেন। তাদের মধ্যে শুক্রবার দুপুরে বাসের চাপায় নয়ন সরদার (২৭) নামে এক মোটর সাইকেল আরোহী ও বৃহস্পতিবার গভীর রাতে গাড়িচাপায় এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধ (৭০) নিহত হন। যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, শুক্রবার দুপুর পৌনে ৩ টার দিকে নয়ন সরদার তার এক বন্ধুসহ মোটর সাইকেলে রায়েরবাগ থেকে যাত্রাবাড়ি যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে নারায়নগঞ্জগামী উৎসব পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের দুই আরোহী ছিটকে রাস্তার পাশে পড়ে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর আরোহী রানা কায়সারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক পালিয়ে যায় । ঘটনার পর স্থানীয় জনতা বাসটি ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে। নিহত নয়ন সরদারের বাবা আব্দুল লতিফ সরদার। তার গ্রামের বাড়ি বরিশাল সাহেবের হাট এলাকায়। এদিকে বৃহস্পবিার রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা চেকপোস্টের কাছে গাড়িচাপায় একজন অজ্ঞাতপরিচয় বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হন। তার পরনে ছিল সাদা চেক হাফশার্ট আর চেক লুঙ্গি। ধারণা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় তিনি দুর্ঘটনার শিকার হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২০৩০ ঘ.