ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থেকে শুক্রবার সকালে এক সন্দেহভাজন ছিনতাইকারীর জবাই করা ও গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম মো. সোহেল (২০)। ছিনতাই করা টাকার ভাগাভাগি নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে সে খুন হয়েছে বলে পুলিশের ধারণা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলোৎপল দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৮টার দিকে মীরেরবাগ থেকে সোহেলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। লাশটি মর্গে পাঠানো হলে তার শরীরে গুলির চিহ্নও পাওয়া যায়।"
তিনি জানান, সোহেলসহ আরও কয়েকজনের একটি দল ঈদের এক সপ্তাহ আগে আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের এক প্রতিষ্ঠানের দুই লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করে। ধারণা করা হচ্ছে, ওই টাকার ভাগাভাগি নিয়ে সহযোগীরা সোহেলকে খুন করেছে।
এ ঘটনায় নিহতের ভাই ইকবাল হোসেন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এজে/এসএইচ/১৮৫৩ ঘ.
bdnews24