শিহাবউদ্দিন কিসলু
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দেশের মহিলা রাষ্ট্র ও সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীদের সম্মানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের দেওয়া মধ্যাহ্নভোজে বৃহস্পতিবার অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি নিউ ইয়র্ক সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১২ টায়) সেখানকার ওয়ালডরফ এস্টোরিয়া হোটেলের অ্যাম্পায়ার রুমে আয়োজিত এ মধ্যাহ্নভোজে অংশ নেন। এতে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও উপস্থিত ছিলেন।
আটটি দেশের রাষ্ট্র ও সাতটি দেশের সরকার প্রধান এবং বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী মধ্যাহ্নভোজে অংশ নেন। এর মধ্যে ছিলেন চিলি, আর্জেন্টিনা, লিথুয়ানিয়া, ফিনল্যান্ড, ফিলিপাইন,লাইবেরিয়া, জার্মানি, আয়ারল্যাণ্ড, আইসল্যান্ড, মোজাম্বিক, ক্রোয়েশিয়া, হাইতির রাষ্ট্র ও সরকার প্রধান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্ক সময় বৃহস্পতিবার সকাল ১১টায় নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপালের সঙ্গে এবং দুপুর সাড়ে ১২টায় মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ নাশিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
এ সময় তাদের মধ্যে দু' দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
ওদিকে বুধবার স্থানীয় সময় দুপুর ১২ টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে গুরুত্বপূর্ণ অবদানের ভিত্তিতে প্রথম ১০টি দেশের সরকার প্রধানের সম্মানে ওবামা ওই অনুষ্ঠানের আয়োজন করেন। বাংলাদেশ সৈন্যসংখ্যার হিসেবে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউকে/এসএইচ/এইচএ/০২০০ঘ.
bdnews24