২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা

হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় বৃহস্পতিবার রাতে তৌকির আহমদ নামে এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

হবিগঞ্জ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় বৃহস্পতিবার রাতে তৌকির আহমদ নামে এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তৌকির হবিগঞ্জ শহরের ইনাতবাদ এলাকার আব্দুল বারিকের ছেলে। সে সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। এ ঘটনায় শহরে বিক্ষোভ ও ভাঙচুর হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তবে তাদের নাম জানা যায়নি। এলাকার মনির, জিয়াসহ কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার দিকে ইনাতাবাদ এলাকায় তৌকির আহমেদের সঙ্গে উত্তর শ্যামলী আবাসিক এলাকার হিরা মিয়ার ছেলে তুর্কির কথাকাটাকাটি হয়। তারা এক সঙ্গে চলাফেরা করত বলে তারা জানান। এলাকার লোকজন জানান, বাগবিতণ্ডার এক পর্যায়ে তুর্কি ছুরি দিয়ে আঘাত করে তৌকিরকে। হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তৌকির মারা যায়। তার মৃত্যুর খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী শহরে মিছিল ও তুর্কির বাসা ভাঙচুর করে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চত্রবর্তী জানান, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৫ ঘ.