২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজামণ্ডপ পরিদর্শনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

দুর্গাপূজা শুরুর দিন বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। পূজা অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গাপূজা শুরুর দিন বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। পূজা অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার এবং ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হকও প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন। বিকাল সাড়ে ৩টায় ঢাকেশ্বরী মন্দিরে যান শামসুল হক। এরপর তাঁতিবাজারসহ পুরনো ঢাকার কয়েকটি মণ্ডপ, রায়ের বাজার ও গাবতলী এলাকার কয়েকটি মণ্ডপ ঘুরে দেখেন তিনি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় ও সন্ত্রাসীদের দমনে সব ধরনের পদক্ষেপ নেবে। পূজায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।" পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গুলশান প্লাজায় নূর জুয়েলার্সে যান সোমবার রাতে ওই দোকানে চুরি হয়। শামসুল হক প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কাছ থেকে চুরি ও ক্ষয়ক্ষতির বিবরণ শোনেন। অপরাধীদের ধরতে দ্রত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশকে নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/২০৩৫ ঘ.