বাগেরহাট, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের ফকিরহাট ও মোল্লাহাটে চরমপন্থী দলের নামে পোস্টার লাগানোর ঘটনায় আটক ৪৭ জনকে জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বাগেরহাটের বিচার বিভাগীয় হাকিম নূর নবীর আদালতে পাঠায়। আটককৃতদের আইনজীবীরা তাদের জামিনের আবেদন করলে হাকিম নামঞ্জুর করেন।
ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মন্টু, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোহিদুল ইসলাম পপলুকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানায়।
বুধবার রাতে ফকিরহাট ও মোল্লাহাট উপজেলার কয়েকটি মার্কেট ও বাজারে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল লাল পতাকা) নামে পোস্টার লাগানো হয়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিঞা জানান, বুধবার দুপুর থেকে পুলিশ অভিযান চালিয়ে ফকিরহাটের বিভিন্ন এলাকা থেকে বর্তমান ও সাবেক তিন জনপ্রতিনিধিসহ ৫৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
এর মধ্যে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মন্টু ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোহিদুল ইসলাম পপলুসহ সাতজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
ওসি জানান, চরমপন্থী দলের সক্রিয় সদস্য ও একাধিক মামলার আসামি ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের ধনপোতা গ্রামের মুনসুর আলীর ছেলে হুমায়ুন মোড়লকে (৪০) ফকিরহাট থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ফকিরহাট ও মোল্লাহাটের দুটি এলাকায় কারা রাতের অন্ধকারে পোষ্টার লাগিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৪ ঘ.
bdnews24