ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতরের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহের প্রস্তুতিতে গাফিলতি ও অবহেলার ঘটনার তদন্ত হচ্ছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় দুই সদস্যের ওই কমিটি গঠন করে সাত দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলেছে।
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
ঈদের দিন ওপরে সামিয়ানা না থাকায় জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসা মুসল্লিদের বৃষ্টিতে ভিজেই নামাজ পড়তে হয়। এ নিয়ে মুসল্লিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করা হয়।
সৈয়দ আশরাফ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ঘটনাটি তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনের ওপর ভিত্তি করেই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব হাসানকে। কমিটিকে প্রয়োজনে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করার ক্ষমতাও দেওয়া হয়েছে।
জাতীয় ঈদগাহ ব্যবস্থাপনার দায়িত্ব থাকে ঢাকা সিটি কর্পোরেশনের ওপর।
তদন্ত কমিটি গঠনের পক্ষে আশরাফ বলেন, "এ বছর কেন এর যথাযথ ব্যবস্থাপনা হয়নি, তা খতিয়ে দেখা সরকারের দায়িত্ব। সরকার তাই তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।"
দেশের বৃহত্তম ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানের সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার ময়দানটি পাকা করার চিন্তা করছিল। কিন্তু স্থানীয় লোকজন তা চায় না। তাই সংস্কারের বিষয়ে স্থানীয় প্রকৌশলীদের প্রস্তাব তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জের সাংসদ আশরাফ জানান, শোলাকিয়া মাঠের নিচে বালি এবং মাটি ফেলে উঁচু করা হবে। এরপর সেখানে ঘাস লাগানো হবে। যাতে মাঠে পানি জমে না যায় সেজন্য মাঠের পানি নেমে যাওয়ার ব্যবস্থা হিসেবে ড্রেন তৈরী করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24