ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের জেদ্দায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কিং আবদুুল্লাহ ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি'র (কেএইউএসটি) যাত্রা শুরু হলো। রাষ্ট্রপতি জিল্লুর রহমানসহ বিশ্বের প্রায় ২৪টি দেশের রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে অংশ নেন।
সৌদি দৈনিক আরব নিউজ জানায়, সৌদি আরব সময় বুধবার সন্ধ্যায় জেদ্দার থুয়ালের এক আধুনিক প্রযুক্তিসম্পন্ন মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদ।
তিনি বলেন, এ প্রতিষ্ঠান শুধু জ্ঞানের গৃহই হবে না, সংঘাতময় এ পৃথিবীতে সহনশীলতার বাণী পৌঁছে দেবে।
বিশ্ববিদ্যালয়টির উদ্বোধন উপলক্ষে আতশবাজি প্রদর্শনীসহ র মধ্যে দিয়ে কেএইউএসটি'র উদ্বোধন করেন। অনুষ্ঠানে কেএইউএসটিতে শিক্ষার্থী পাঠানো ৫০টি দেশের পতাকা নিয়ে মঞ্চে উঠে আসে ৫০ জন শিশু।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৌদি আরবের জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং কেএইউএসটি ট্রাস্টি বোর্ডের প্রধান আলী আল-নাইমি, উচ্চশিক্ষা বিষয়কমন্ত্রী খালেদ আল-আনকারি এবং কেএইউএসটি প্রধান অধ্যাপক চুন ফং শিহ।
অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করে বাহরাইনের বাদশা ঈসা আল-খলিফা, জর্ডানের বাদশা আব্দাল্লাহ, কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ, মালয়েশিয়ার সুলতান টংকু মিজান জয়নাল আবেদিন, জিবুতির প্রেসিডেন্ট ইসমাইল ওমার গুয়েলেহ, মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহামেদ ওউল্দ আব্দুল আজিজ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট উমারু ইয়ার আদুয়া, ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল আরোইয়ো, সোমালিয়ার প্রেসিডেন্ট শরিফ শেখ আহমেদ, সুদানের প্রেসিডেন্ট ওমার বশির, তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল, ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ।
এছাড়া লেবানন, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, সংডুক্ত আরব আমিরাত, পাকিস্তান, আলজেরিয়া, রাশিয়া, ভারত ও ফ্রান্সের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৮০০ ঘ.
bdnews24