২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধানের যে কোনও পরিবর্তন হবে ঐকমত্যের ভিত্তিতে: আশরাফ

সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধানের কোনও পরিবর্তন করা হবে না জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এক্ষেত্রে যে কোনও পরিবর্তন ঐকমত্যের ভিত্তিতেই করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 07:38 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধানের কোনও পরিবর্তন করা হবে না জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এক্ষেত্রে যে কোনও পরিবর্তন ঐকমত্যের ভিত্তিতেই করা হবে। তিনি বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "একক সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও এককভাবে সরকার সংবিধানে হাত দেবে না। সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সংবিধানের পরিবর্তন করা হতে পারে। এজন্য সকলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে।" তিনি আরও বলেন, "তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি, জাতীয় সংসদের মেয়াদ এবং স্থানীয় সরকার পদ্ধতিসহ সংবিধানের যে কোনও পরিবর্তন জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করতে চায় সরকার।" প্রধান বিরোধী দল বিএনপিকে জাতীয় সংসদে ফেরার ও সংসদকে কার্যকর করার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "জাতীয় সংসদকে কার্যকর করতে না পারলে বাংলাদেশে গণতন্ত্র শিকড় গাঁড়বে না।" গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারলে বাংলাদেশে আবারও ওয়ান-ইলেভেনের মতো ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করেন আশরাফ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, জাতীয় চার নেতাকে হত্যা ও আওয়ামী লীগের সমাবেশসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনার উদাহরণ দেন তিনি। তিনি বলেন, "এক্ষেত্রে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বিরোধী দলকে সংসদে এসে কথা বলতে হবে। সংসদকে কার্যকর করা হলে আর কোন ষড়যন্ত্র সফল হওয়ার সুযোগ থাকবে না। নইলে ষড়যন্ত্রকারীরা আবার মাথা চাড়া দিয়ে উঠবে।" ঈদের আগে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "শুধু চিনিসহ কয়েকটি জিনিসের মূল্য বেড়েছে। আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য বাড়ার কারণে আমাদের এখানেও কিছুটা বেড়েছে। মুক্তবাজার অর্থনীতিতে এখানে কিছুই করার নেই। তারপরও সরকার ব্যবস্থা নেওয়ার কারণে চালের মূল্য কম ছিল।" রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়ে সরকারের কোনও পরিকল্পনা আছে কিনা- জানতে চাওয়া হলে আশরাফ বলেন, "নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যেখানে অবস্থান করবেন সেখানেই তাদের অফিস। তাই এখানে নতুন করে কাউকে দায়িত্ব দেওয়ার কিছু নেই।" ছয়দিনের সফরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সৌদি আরব এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৭১৭ ঘ.