২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে নৌকা ডুবে দুজনের মৃত্যু, নিখোঁজ ৮

নাটোরের হালতি বিলে বুধবার রাতে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আটজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2009, 05:45 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

নাটোর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের হালতি বিলে বুধবার রাতে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আটজন। নিহতদের মধ্যে একজন হলেন- নাটোর শহরের আমহাটি মহল্লার আব্দুল মালেকের ছেলে সাহেদ (৩২)। আরেকজনের নাম জানা যায়নি। রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায় বলে নাটোর সদর থানার পুলিশ জানায়। সদর থানার উপ-পরিদর্শক নূরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে নাটোর শহরের বিভিন্ন মহল্লা থেকে ১৮ জন যুবক একটি নৌকা নিয়ে হালতি বিলে ভ্রমণে বের হয়। রাত সাড়ে ৮টায় নৌকাটি সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। তিনি জানান, নৌকার আট যাত্রী এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। তাৎক্ষণিকভাবে এদের পরিচয় জানা যায়নি। স্থানীয় লোকজন আহত অবস্থায় আরও ১০ জনকে উদ্ধার করে। পরে দমকল বাহিনীর লোকজন আহতদের নাটোর সদর হাসপাতালে নিয়ে আসে বলে এসআই নূরুজ্জামান জানান। নৌকাটির চালক মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, "ভ্রমণকারীরা সবাই একই বয়সের ছিল। নৌকা ছাড়ার পর তারা সবাই মাদক গ্রহণ করে। তাদের লম্ফঝম্ফ ও চিৎকারে আমি নৌকার নিয়ন্ত্রণ রাখতে পারিনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৬ ঘ.