কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় বুধবার দুপুরে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত এবং বিএনপির সাবেক সাংসদ হাসনে আরা গিয়াসসহ তিনজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন- সাবেক সাংসদের প্রাইভেটকারের চালক আলাউদ্দিন (৫০)।
দুপুর সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পাচলগোটা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে সাবেক সাংসদ হাসনে আরা (৫৫), তার মেয়ে ব্যারিস্টার ইফফাত আরা গিয়াস (২৫) ও তাদের গৃহকর্মী আকলিমা আহত হয়।
আহতদের প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়েছেন কটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।
তিনি জানান, সাবেক সাংসদ মেয়েকে নিয়ে কিশোরগঞ্জের আসছিলেন। দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যান।
হাসনে আরা গিয়াস বিগত চারদলীয় জোট সরকারের সময় সংরক্ষিত মহিলা আসনে বিএনপির সাংসদ ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১১ ঘ.
bdnews24