ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসের শুরুতে রাজধানীর মৎস্য ভবনের সামনে মিনিবাস চাপায় নাজির হোসেন (২৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।
আহত হয়েছেন হোসেন আহমেদ (৪৫) নামের আরেকজন রিকশাচালক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "বুধবার সকাল ৯টার দিকে মৎস্য ভবনের কাছে পেট্রোল পাম্পের সামনের রাস্তায় একটি দ্রুতগামী মিনিবাস কদম ফোয়ারা মুখী দুটি রিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে নাজির হোসেন ও হোসেন আহমেদ আহত হয়।
তিনি বলেন, "তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজিরকে মৃত ঘোষণা করেন।"
রাস্তা ফাঁকা থাকায় মিনিবাসটি দ্রুত পালিয়ে যায় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/এজে/১৮০৫ ঘ.
bdnews24