২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি'র সমাবেশে বোমা হামলা মামলায় আরিফ আরও একদিনের রিমান্ডে

দুই দফায় চারদিন রিমান্ড শেষে বিএনপি নেতা ও ঢাকার ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আরিফকে পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় আরও একদিনের হেফাজতে (রিমান্ড) নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2009, 11:39 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দফায় চারদিন রিমান্ড শেষে বিএনপি নেতা ও ঢাকার ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আরিফকে পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় আরও একদিনের হেফাজতে (রিমান্ড) নিয়েছে পুলিশ। বুধবার বেলা সোয়া ৩টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম মুন্সী আব্দুল মজিদ তার জামিন আবেদন নাকচ করে এ রিমান্ড মঞ্জুর করেন। বুধবার এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মৃনাল কান্তি সাহা আরিফকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চান। রিমান্ড আবেদনে বলা হয়, ২০০১ সালের ২০ জানুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পল্টনের সমাবেশের বোমা হামলার ঘটনায় আরিফের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ সময় তার রিমান্ড আবেদন বাতিল করে জামিন চেয়ে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মহসীন মিয়া। তিনি বলেন, "রাজনৈতিক ভাবে হেনস্তা করার জন্য তাকে প্রায় নয় বছর আগের এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আবার রিমান্ড চাওয়ার কোনও যৌক্তিকতা নেই। তাকে জামিন দেওয়া হোক।" এর আগে গত ২১ সেপ্টেম্বর একদিনের ও ১৭ সেপ্টেম্বর তিনদিনের জন্য তাকে সিআইডির হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। ২০০১ সলের ২০ জানুয়ারি পল্টনে সিপিবি সমাবেশে বোমা হামলার ঘটনায় চারজন নিহত এবং বেশ কয়েজন আহত হন। ওই ঘটনায় মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। ২০০৩ সালের ২৩ ডিসেম্বর এ মামলায় পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। ২০০৫ সালের ২৯ জানুয়ারি মামলাটি পুনরুজ্জীবিত করে আবার তদন্তের জন্য পাঠানো হয়। ঢাকা সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের (রমনা এলাকার) পরপর তিনবার নির্বাচিত কাউন্সিলর আরিফকে গত ১৫ সেপ্টেম্বর সিআইডি কার্যালয়ে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সিপিবি'র সমাবেশে বোমা হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি হেফাজতে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এসএইচ/১৭৩৫ ঘ.