২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬২ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: রাজ্জাক

ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি রোধ এবং উদ্ধার তৎপরতা চালাতে সরকার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শহরের জন্য ৬২ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিচ্ছে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি রোধ এবং উদ্ধার তৎপরতা চালাতে সরকার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শহরের জন্য ৬২ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিচ্ছে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি আরও জানিয়েছেন, ভূমিকম্পের ঝুঁকিতে থাকা এসব শহরের ভবন চিহ্নিত করার কাজও চলছে। বুধবার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান আব্দুর রাজ্জাক। ঈদের দিন বিকেলে ও গভীর রাতে দুই দফা ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান কেঁপে ওঠে। এ অবস্থায় সরকার কি পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে জানতে চাইলে তিনি বলেন, "বিশ্বে এখন পর্যন্ত এমন কোনও যন্ত্র আবিষ্কৃত হয়নি, যার মাধ্যমে ভূমিকম্পের আগাম তথ্য পাওয়া যাবে। "ফলে আগাম কোনও সতর্কতা নেওয়াও আমাদের পক্ষে সম্ভব নয়। তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হলে তা কমাতে এবং উদ্ধার তৎপরতার জন্য সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শহরে ৬২ হাজার স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে।" ইতোমধ্যে সিলেটে ছয় হাজার স্বেচ্ছাসেবীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, "ঢাকা ও চট্টগ্রামেও এমন প্রশিক্ষণ চলছে। ভবিষ্যতে সকল বড় বড় শহরেও এমন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।" ভূমিকম্পে শহরের ক্ষয়ক্ষতি কমাতে সরকার কী ধরনের পদক্ষেপ নিতে পারে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, "এজন্য উচ্চ পর্যায়ের সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা দরকার। কারণ, ভবন নির্মাণের অনুমতি দেয় রাজউক। "পূর্ত মন্ত্রণালয় ও রাজউক ভবন নিমার্ণের অনুমোদনের ক্ষেত্রে ভূমিকম্প সহনশীল রাখার শর্ত দিলে তা দুর্যোগ এড়াতে সহায়ক হবে।" একইসঙ্গে পুরোনো ভবনগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি। দেশে ভূমিকম্প বা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে পর্যাপ্ত সরঞ্জাম ছিল না উল্লেখ করে রাজ্জাক বলেন, "বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ৬৯ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে উদ্ধার কাজের জন্য ৯০ মিটার মই (লেডার) ও কংক্রিট কাটার যন্ত্রসহ উদ্ধারযন্ত্র কেনা হচ্ছে।" এ ছাড়া এ খাতে নতুন প্রকল্প নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান। ভূমিকম্পে শহরের ক্ষয়ক্ষতি কমাতে সরকার কী ধরনের পদক্ষেপ নিতে পারে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, "এজন্য উচ্চ পর্যায়ের সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা দরকার। কারণ, ভবন নির্মাণের অনুমতি দেয় রাজউক। "পূর্ত মন্ত্রণালয় ও রাজউক ভবন নিমার্ণের অনুমোদনের ক্ষেত্রে ভূমিকম্প সহনশীল রাখার শর্ত দিলে তা দুর্যোগ এড়াতে সহায়ক হবে।" একইসঙ্গে পুরোনো ভবনগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এসএইচ/১৫২২ ঘ.