মৌলভীবাজার, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারী ও শিশু নির্যাতনের মামলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপি'র সভাপতি মহসীন মিয়াকে বুধবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভোর ৪টার দিকে শ্রীমঙ্গলের বাসা থেকে তারা গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী।
গত ১০ সেপ্টেম্বর মহসীন মিয়ার মালিকানাধীন কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষিক নাসিমা আক্তার (৩২) তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলাটি করেন।
মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী মামলার উদ্ধৃতি দিয়ে জানান, নাসিমা অভিযোগ করেছেন ১০ সেপ্টেম্বর সকালে তিনি একটি মিশুকে করে মৌলভীবাজারে আদালতে যাচ্ছিলেন। আদালতের কাছাকাছি (মৌলভীবাজার সদরের) কলেজ রোডের খ্রিস্টান মিশনারি এলাকা অতিক্রম করার সময় মহসীন মিয়া তার পাজেরো গাড়ি (ঢাকা মেট্রো ঘ- ১১-১২১২) নিয়ে তার মিশুকের গতিরোধ করে। মহসীন মিয়া ধর্ষণের উদ্দেশ্যে তাকে জোরপূর্বক পাজোরে গাড়িতে তুলে নেয়। এ সময় চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা অমূল্য কুমার জানান, অভিযোগ পাওয়ার পর উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ঘটনাটি তদন্ত করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) মামলাটি মৌলভীবাজার থানায় নথিভূক্ত করা হয়।
মামলায় অপর আসামিরা হলেন- মহসীন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক প্রশান্ত ও চাচাতো ভাই শ্রীমঙ্গলের ঠিকাদার সেলিম আহমদ।
দুপুরে আদালতের নির্দেশে মহসীন মিয়াকে মৌলভীবাজার কারাগারে পাঠানোর হয় বলে জানান পুলিশ কর্মকর্তা অমূল্য কুমার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৩৩ ঘ.
bdnews24